সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল কয়েক মাস আগে। হাসানোভিচের আঙুলে আংটি দেখা যাওয়ায় বিয়ের জল্পনা ছড়ায়। পরে সিনার জানান, ওই পোস্টের সঙ্গে তাঁর ‘কোনও সম্পর্ক নেই’।

ছবি: গুগল
শেষ আপডেট: 17 November 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: কার্লোস আলকারাজকে (Carlos Alcaraz) স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এটিপি ফাইনালস (ATP Finals) জিতলেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। ম্যাচশেষে কোর্টে হাঁটু গেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সরাসরি গ্যালারিতে উঠে গেলেন তিনি। সেখানে অপেক্ষা করছিলেন তাঁর বান্ধবী লায়লা হাসানোভিচ (Laila Hasanovic)। দু’জনের দ্রুত আলিঙ্গনের মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। এরপর টিমের সঙ্গে ছবি তুললেন সিনার।
তুরিনের ফাইনালে ৭-৬(৪), ৭-৫ জিতে শিরোপা ধরে রাখার পাশাপাশি ইনডোর হার্ডকোর্টে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকা আর রেকর্ড ৫০.৭১ লক্ষ মার্কিন ডলার প্রাইজমানি—সব মিলিয়ে মরসুমের শেষে টেনিসবিশ্বে নিজের আধিপত্য আরও স্পষ্ট করলেন ইতালীয় তারকা। আলকারাজ টুর্নামেন্ট হারলেও পয়লা নম্বর (World No. 1) কুর্সি হাতে রাখলেন আগেই থাকা ১,০৫০ পয়েন্টের লিডে।
লায়লা হাসানোভিচ কে?
২০০০ সালের ৮ নভেম্বর কোপেনহেগেনে জন্ম। বংশ পরিচয়ে বসনিয়ান, বড় হয়েছেন ডেনমার্কের স্ভেন্ডবার্গে। এক বছর পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে—সেখান থেকেই লায়লার আন্তর্জাতিক পরিচয়ের বিস্তার। ১৬ বছর বয়স থেকেই মডেলিং শুরু। ২০১৯ সালে মিস ডেনমার্ক প্রতিযোগিতার ফাইনালে ওঠেন।
তারপর ধাপে ধাপে নাম লেখান আন্তর্জাতিক ফ্যাশন-বিউটি দুনিয়ায়। আর্মানি বিউটি (Armani Beauty), প্রাডা বিউটি (Prada Beauty)—এ ধরনের নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় উপস্থিতি—ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারী সাড়ে তিন লক্ষেরও বেশি। ইউটিউবেও ফ্যাশন–লাইফস্টাইল কনটেন্ট দিয়ে তৈরি করেছেন আলাদা জায়গা।
সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল কয়েক মাস আগে। হাসানোভিচের আঙুলে আংটি দেখা যাওয়ায় বিয়ের জল্পনা ছড়ায়। পরে সিনার জানান, ওই পোস্টের সঙ্গে তাঁর ‘কোনও সম্পর্ক নেই’। ভিয়েনা ওপেন জয়ের পরে প্রথমবার তিনি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান লায়লাকে—সেখান থেকেই সম্পর্ক নিয়ে অনুমান আরও পোক্ত হয়। ফলে, সঙ্গত কারণেই তুরিনের ফাইনাল জয়ের পর হাসানোভিচকে জড়িয়ে ধরার মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।