টাইব্রেকারে যেহেতু দিব্যা ও হারিকার মধ্যে একজন নিশ্চিতভাবেই জিতবেন, ফলে হাম্পির পাশাপাশি আরেক ভারতীয় মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পেতে চলেছেন। যা নিঃসন্দেহে ভারতের মহিলা দাবার ইতিহাসে বিরাট মাইলফলক।

কোনেরু হাম্পি
শেষ আপডেট: 21 July 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়লেন ভারতের গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি (Korenu Humpy)। চিনের ইউসিং সংকে (Yuxin Song) রুখে ফিড মহিলা দাবা বিশ্বকাপের (FIDE Women's Chess World Cup) সেমিফাইনালে জায়গা করে নিলেন। এই সাফল্য স্মরণীয়, ঐতিহাসিক। মহিলা চেস বিশ্বকাপে শেষ চারে পৌঁছনো প্রথম ভারতীয় মহিলা হিসেবে নজির গড়েছেন হাম্পি।
গতকাল, রবিবার, দ্বিতীয় গেম ড্র করেই নিশ্চিত করেন সেমিফাইনালের টিকিট। এর আগে সাদা ঘুঁটিতে প্রথম গেম জিতে এগিয়ে ছিলেন হাম্পি। ফলে দ্বিতীয় গেম দরকার ছিল ড্র। কিন্তু লড়াই চলে হাড্ডাহাড্ডি। প্রতিপক্ষ ইউসিং সংয়ের জন্য লড়াই ছিল এসপার নয় ওসপার। পরের রাউন্ডে উঠতে গেলে তাঁকে জিততেই হত। যে কারণে তিনি বেছে নেন ঝুঁকিপূর্ণ জোবাভা লন্ডন ওপেনিং। হাম্পি তাতে বিশেষ বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় চাপ সামলান। শেষপর্যন্ত এন্ডগেমে ম্যাচ সমতায় দাঁড়ায়। ৫৩তম চালেও প্রতিপক্ষ জয় আদায় করতে ব্যর্থ হন।
এই সাফল্যের সুবাদে সেমিফাইনাল তো নিশ্চিত হলই, সেই সঙ্গে আগামী ক্যান্ডিডেটস (Women's Candidates') টুর্নামেন্টে অংশ নেওয়ারও দু’টি সুযোগ থাকছে হাম্পির সামনে। কারণ, এই বিশ্বকাপে প্রথম তিনজন ওই প্রতিযোগিতায় নামার সরাসরি যোগ্যতা অর্জন করবেন।
অন্যদিকে, আরও এক ভারতীয় গ্র্যান্ডমাস্টার হারিকা দ্রোনাভল্লি ও ইন্টারন্যাশনাল মাস্টার দিব্যা দেশমুখের লড়াইও (D Harika vs IM Divya Deshmukh) অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তাঁদের কোয়ার্টারফাইনাল গড়িয়েছে টাইব্রেকারে। সোমবার খেলা হবে র্যাপিড এবং সম্ভবত ব্লিটজ গেমে।
যদিও দুর্ভাগ্যজনকভাবে আর বৈশালী সেমিফাইনালে উঠতে পারলেন না। চিনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ঝোং ই তানের বিরুদ্ধে প্রথম গেমটি ড্র করেন, দ্বিতীয় গেমে সামান্য এগিয়ে থেকেও সামান্য ভুলে ম্যাচ হারেন বৈশালী।
চিনাদের সামগ্রিক আধিপত্য বিশ্বকাপে নজর কেড়েছে। হাম্পি ছাড়া বাকি তিনটি সেমিফাইনালিস্টই চিনের। টপ সিড টিংজি লেই অনায়াসে হারিয়েছেন জর্জিয়ার নানা জাগনিদজেকে। স্কোর ২-০।
একনজরে কোয়ার্টারফাইনালের ফলাফল (দুই গেম মিলিয়ে):
কোনেরু হাম্পি (ভারত) ১.৫ – ইউসিং সং (চিন) ০.৫
টিংজি লেই (চিন) ২ – নানা জাগনিদজে (জর্জিয়া) ০
তান ঝোং ই (চিন) ১.৫ – আর বৈশালী (ভারত) ০.৫
দিব্যা দেশমুখ (ভারত) ১ – হারিকা দ্রোনাভল্লি (ভারত) ১ → ম্যাচ টাইব্রেকারে
(টাইব্রেকারে যেহেতু দিব্যা ও হারিকার মধ্যে একজন নিশ্চিতভাবেই জিতবেন, ফলে হাম্পির পাশাপাশি আরেক ভারতীয় মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পেতে চলেছেন। যা নিঃসন্দেহে ভারতের মহিলা দাবার ইতিহাসে বিরাট মাইলফলক।)