
শেষ আপডেট: 16 January 2024 23:38
দ্য ওয়াল ব্যুরো: সারা বিশ্বে যা হয়, রোমাতেও তাই হয়েছে। দল হারতেই কোচকে ছাঁটাই করল ইতালির নামী ক্লাব।
ঘরের ছেলেকেই নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে এএস রোমা। মঙ্গলবার হোসে মোরিনহোকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচ হিসেবে ক্লাবের প্রাক্তন ফুটবলার ড্যানিয়েল ডি রোসির নাম ঘোষণা করেছে ইতালির নামী দল। চলতি মরশুমের শেষ পর্যন্ত চুক্তি হয়েছে তাঁর।
গত রবিবার এসি মিলানের কাছে ৩-১ গোলে হারের জেরে রোমার কোচের চাকরি হারান মোরিনহো। এমনিতেও তাঁর অধীনে দলের অবস্থা মোটেই ভাল ছিল না।
লিগে পাঁচ ম্যাচে তারা পেয়েছে মাত্র ৪ পয়েন্ট। কোপা ইতালিয়া থেকে ছিটকে পড়েছে গত সপ্তাহে। লিগে শীর্ষে থাকা ইন্টার মিলানের থেকে ২২ পয়েন্ট পিছিয়ে থেকে নয় নম্বরে আছে রোমা।
নতুন কোচ নিয়োগের বিষয়ে এই ক্লাবটি বিবৃতিতে বলেছে, ড্যানিয়েল ডি রোসিকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত হেড কোচ হিসেবে আমরা নিয়োগ করেছি। আমাদের আশা উনি সফল হবেন। মোট ১৮বছর খেলেছেন রোমার হয়ে রোসি।
রোমাতেই কেরিয়ারের সিংহভাগ সময় কেটেছে রোসির। ৪০ বছর বয়সি প্রাক্তন এই মিডফিল্ডার ২০০০ সালে রোমার বয়সভিত্তিক দলে যোগ দিয়ে পরের বছরই সুযোগ পান সিনিয়র দলে।
২০১৯ সালে ক্লাবটি একবছর খেলেছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে। সেখানে জিতেছেন প্রিমেরা লিগ। রোমার হয়ে দুবার কোপা ইতালিয়া ও একবার সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন রোসি। ইতালি জাতীয় দলের হয়ে রোসি খেলেছেন ১১৭টি ম্যাচ। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি।