টি-২০ বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ–পাকিস্তান সমঝোতার ইঙ্গিত। ভারত সংক্রান্ত দাবিতে সুরাহা না হলে টুর্নামেন্ট বয়কটের পথে যেতে পারে পাকিস্তান।

পাকিস্তান - বাংলাদেশ
শেষ আপডেট: 19 January 2026 09:27
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের কোন ম্যাচ ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দলের আগামী ২৫ জানুয়ারি ভারতে আসার কথা। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার ও অন্যান্য অফিসিয়ালদের জন্য এখনও ঢাকায় ভারতের হাইকমিশনে ভিসার আবেদন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি মেনে সে দেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় করার সিদ্ধান্তে দেবে কিনা তাও স্পষ্ট নয়। ফলে শ্রীলঙ্কার জন্যও ভিসার আবেদন করেনি বিসিবি (BCB)।
এরই মধ্যে পাক সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) সিদ্ধান্ত নিয়েছে, ভারতকে নিয়ে বাংলাদেশের দাবি আইসিসি না মানলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে। এর আগে পিসিবি জানিয়েছিল ভারতে বাংলাদেশের যে ম্যাচগুলি হওয়ার কথা ছিল সেগুলি তারা পাকিস্তানে করতে আগ্রহী। এর জন্য স্টেডিয়াম সহ অন্যান্য পরিকাঠামো প্রস্তুত রাখা আছে বলে আইসিসিকে জানিয়েছিল পিসিবি।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে খেলতে না দিয়ে দেশে ফিরিয়ে দেওয়ায় বাংলাদেশ ভারতে তাদের দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আইসিসিকে তারা জানিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে টিম পাঠাতে নারাজ। বাংলাদেশের দাবি তাদের ম্যাচগুলি তৃতীয় কোন দেশে সরিয়ে দেওয়া হোক। রবিবার বিসিবি আইসিসিকে দেওয়া প্রস্তাবে বলেছে, টি-টোয়েন্টি ম্যাচে টিম গুলির মধ্যে সামান্য অদলবদল করলেই এই সমস্যা মিটিয়ে ফেলা সম্ভব। তারা বলেছে তাদের গ্রুপে আয়ারল্যান্ডকে দিলেই ওই দেশের ম্যাচগুলি ভারতে করা সম্ভব। তাহলেই বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় হতে পারে।
যদিও রবিবার রাত পর্যন্ত আইসিসি (ICC) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্জিতে সাড়া দেয়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিসিবি-র টি-২০ টুর্নামেন্ট বয়কটের সম্ভাবনার কথা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে। যদিও কোন বোর্ডই এখনও প্রকাশ্যে এই ভাবনার কথা প্রকাশ করেনি।
ওয়াকিবহল মহল মনে পড়ছে, মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে দেওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বাড়াতে চাইছে। ক্রিকেট নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চলতি বিবাদে ইসলামাবাদ ঢাকার পাশে থাকার বার্তা দিয়ে চলেছে গোড়া থেকেই। যদিও পাকিস্তান ও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকবে কিনা তা নিয়ে ক্রিকেট মহলে একাংশের সন্দেহ আছে। কারণ টুর্নামেন্ট বয়কট করা হলে দুই দেশকেই মোটা অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।