সোমবার নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United FC) বিরুদ্ধে জয় দিয়ে ইস্টবেঙ্গল (East Bengal FC) তাদের আইএসএলের (ISL) অভিযান শুরু করেছে। আইএসএলে এই প্রথমবার লাল-হলুদ ব্রিগেড জয় দিয়ে তাদের যাত্রা শুরু করল।

শেষ আপডেট: 20 February 2026 16:48
দ্য ওয়াল ব্যুরো: সোমবার নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United FC) বিরুদ্ধে জয় দিয়ে ইস্টবেঙ্গল (East Bengal FC) তাদের আইএসএলের (ISL) অভিযান শুরু করেছে। আইএসএলে এই প্রথমবার লাল-হলুদ ব্রিগেড জয় দিয়ে তাদের যাত্রা শুরু করল। শনিবার আইএসএলের নতুন দল স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলতে নামছে অস্কার ব্রুজোর ছাত্ররা। স্পোর্টিং ক্লাব দিল্লি এই প্রথম খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। দিল্লির বিরুদ্ধে খেলতে নামার আগে যুবভারতীতে সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের দলের হেড কোচ অস্কার ব্রুজো এবং জিকসন সিং।
সাংবাদিক সম্মেলনে জিকসন জানান ''আমরা জানি এইবারের লিগ খুব কম সময় চলবে। আমরা প্রস্তুতি ভালভাবে করছি। আশা করব আমাদের স্বপ্ন পূরণ হবে।'' নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিকসনকে ডিফেন্সিভ পজিশনে খেলতে দেখা যায়, এই নিয়ে তিনি বলেন ''ডিফেন্সে খেলতে আমার অসুবিধা হয় না। আমি আগেও খেলেছি।'' তিনি আরও বলেন ''লিগ শুরু হওয়ার বেশ কিছুটা আগে থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। ফলে অন্যান্য দলের তুলনায় আমরা কিছুটা এগিয়েই থাকব।''
এদিকে ইস্টবেঙ্গল কোচ অস্কার বলেন ''মহম্মদ রাকিপ কাল দলে থাকবে। অ্যান্টন সোজবার্গ দু'দিন হল অনুশীলন করছে। যদি সম্ভব হয় তাহলে আগামীকালের ম্যাচে দলে রাখতে পারি।''
আইএসএলের নতুন দল হলেও দিল্লিকে যথেষ্ট সমীহ করছেন লাল-হলুদ কোচ। অস্কার বললেন ''দিল্লি অবশ্যই নতুন দল কিন্তু গত বছরের হায়দ্রাবাদ দলের কিছু খেলোয়াড় রয়েছে। আমরা জানি তাদের খেলা। বেঙ্গালুরু থেকেও কিছু খেলোয়াড় দিল্লি দলে এসেছে। আশা করব কাল ভালো ফল হবে আমাদের জন্য।''
তিনি আরও বলেন ''চ্যাম্পিয়ন হওয়া নিয়ে এখন ভাবছি না। গত ৫-৬ বছর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ সামনে রেখে খেলতে নেমে পয়েন্টস টেবিলের উপর দিকে উঠতে পারেনি, তাই এই সময় দাঁড়িয়ে আমি চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি না। আগামীকাল খুব কঠিন খেলা হবে, আগের ম্যাচ আমরা জিতেছি, চেষ্টা করব জয়ের ধারা বজায় রাখার।''