.webp)
সুনীল ছেত্রী এবং তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য
শেষ আপডেট: 7 June 2024 23:24
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার জামাই সুনীল ছেত্রী কি এবার জামাইষষ্ঠীতে থাকবেন? এই নিয়ে বিদায়ী ম্যাচ শেষে এদিন ভারত অধিনায়ককে প্রশ্ন করেছিল শহরের সংবাদমাধ্যম।
এমনিতেই যুবভারতীতে আবেগ ছিল সুনীলের ম্যাচ নিয়ে। প্রায় ৬০ হাজার দর্শক এসেছিলেন মাঠে। খেলা শেষে চোখের জলে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
এমনকী দেখা গিয়েছে, ফুটবলাররা গার্ড অব অনার দিচ্ছেন সুনীলকে, তাতে আরও আপ্লুত হয়ে যান তিনি। সুনীল জানান, খেলার সময় আবেগ ধরে রেখেছিলাম, কিন্তু খেলা শেষে যখন মনে পড়ল যে আমি আর কোনোদিন ভারতের জার্সি পড়তে পারব না, সেইসময় চোখের জল আটকাতে পারিনি।
কলকাতার জামাই শ্বশুরবাড়ি শহরে শেষ ম্যাচ খেললেন দেশের হয়ে। শ্বশুরমশাই সুব্রত ভট্টাচার্য মাঠে থাকতে পারেননি অসুস্থতার কারণে। আগামী জামাইষষ্ঠীতে কি জামাই সুনীলকে গলফগ্রিনের শ্বশুরবাড়িতে দেখা যাবে?
সুনীল এই নিয়ে কিছুই বলেননি। তাঁর কাতারে ভারতীয় দলের শেষ ম্যাচ দেখতে যাওয়ার কথা রয়েছে। ভারত প্রাক বিশ্বকাপ পর্বের শেষ ম্যাচ খেলতে যাবে দোহাতে। সেই ম্যাচে সুনীলকে থাকার অনুরোধ করতে পারে ফেডারশন। যদিও জামাইষষ্ঠীতে সুনীলের সেরকম কোনও অনুষ্ঠানের পরিকল্পনা নেই।
ওই ম্যাচ রয়েছে আগামী ১১ জুন। ভারতীয় দল ৮ জুন রওনা দেবে। দলের সঙ্গে সুনীল গেলে তিনি জামাই ষষ্ঠীতে থাকতে পারবেন না। কারণ তার দুদিন বাদেই ষষ্ঠী রয়েছে।
এই নিয়ে তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি মজা করেই জানিয়েছেন, আমার বাবা-মা এখনও জামাইষষ্ঠীর নিমন্ত্রণ করেননি। করলে অবশ্যই যাব। সুনীলও স্ত্রীর এই কথা শুনে মুচকি হেসেছেন।