
টিম আরসিবি
শেষ আপডেট: 17 April 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে (IPL) ভালই দৌড়চ্ছে আরসিবি (RCB)। পয়েন্ট টেবিলের মগডালে না থাকলেও তিন নম্বর স্থানে রয়েছে একবারও চ্যাম্পিয়ন হতে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছয় ম্যাচে আট পয়েন্ট পাতিদার অ্যান্ড কোংয়ের। দ্বিতীয় স্থানে থাকা গুজরাটের সঙ্গে একই পয়েন্টে থাকলেও নেট রান রেটে পিছিয়ে তারা। তবে এবার স্বপ্ন দেখাচ্ছেন বিরাটরা। সমর্থকরাও অধরা আইপিএল খেতাব জিততে সমর্থন দিয়ে যাচ্ছেন।
তবে এরই মধ্যে কিছুটা অশান্তির বাতাবরণ বেঙ্গালুরু শিবিরে। হঠাৎ করেই আদালতের দ্বারস্থ আরসিবি। জানা গিয়েছে অ্যাপ ক্যাব সংস্থা উবরের (Uber) বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা দায়ের (Case File) করেছে আরসিবি কর্তৃপক্ষ।
আরিসিবির অভিযোগ উবরের একটি বিজ্ঞাপন নিয়ে। হায়দরাবাদে নিজেদের বাইক ট্যাক্সি পরিষেবার প্রচার করছে উবর। সেখানে আইপিএলকে যুক্ত করেছে তারা। তাদের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচের আগে বেঙ্গালুরুর স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্রেভিস হেড লুকিয়ে ঢুকে পড়েছেন। স্টেডিয়ামে যেখানে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ লেখা সেখানে গিয়ে তিনি বেঙ্গালুরুর উপরে ‘রয়্যালি চ্যালেঞ্জড’ কথাটি লিখেছেন।
এর পরই ট্যুইস্ট। তখনই স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষী হেডকে দেখে ফেলেন। তাঁকে দেখে উবর বাইকে চেপে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান হেড। তাঁকে নিরাপত্তারক্ষীরা আর ধরতে পারেননি। উবরের এই বিজ্ঞাপনে বোঝানো হয়েছে, তাদের বাইক পরিষেবা অত্যন্ত দ্রুত।
এই বিজ্ঞাপন নিয়েই বেঙ্গালুরু অভিযোগ তুলেছে। আরসিবির বক্তব্য, এই বিজ্ঞাপন কেবলমাত্র প্রচারের জন্য হয়নি। এর মাধ্যমে বেঙ্গালুরুর মানহানি করার চেষ্টা হয়েছে। ১৩ মে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ রয়েছে। তার আগে এই ধরনের বিজ্ঞাপন করে বেঙ্গালুরুর সমর্থকদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাই বিজ্ঞাপন তুলে নেওয়ার দাবি করেছে বেঙ্গালুরু।
বেঙ্গালুরুর করা এই মামলার শুনানি হয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি দুই পক্ষের আইনজীবীর কথা শুনেছেন। বিচারপতি মেনে নিয়েছেন যে, আরসিবির অভিযোগের সারবত্তা রয়েছে। বিজ্ঞাপনে কিছু বদল করা উচিত বলে মনে করেন তিনি। তবে এখনই কোনও রায় ঘোষণা করেননি বিচারপতি। যত দিন না রায় ঘোষণা হচ্ছে তত দিন এই বিজ্ঞাপন বন্ধ রাখার অনুরোধ করেছিল বেঙ্গালুরু। সেই অনুরোধ অবশ্য মানেননি বিচারপতি।