এ বছর আইপিএল ফাইনালে যেমন যুযুধান দুজনে, গত বছরও তাঁরা পরস্পরের বিরুদ্ধে অন্তিম লড়াইয়ে নেমেছিলেন। তবে আইপিএল নয়, লড়াই ছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে।

শ্রেয়স আইয়ার ও রজত পাটিদার।
শেষ আপডেট: 2 June 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: সেটাও ছিল টি-২০ ফাইনাল। মুখোমুখি সেই শ্রেয়স আইয়ার-রজত পাটিদার!
শুধু দ্বৈরথ-মঞ্চের নাম আলাদা। দলের নামেও গুরুতর বদল!
এ বছর আইপিএল ফাইনালে যেমন যুযুধান দুজনে, গত বছরও তাঁরা পরস্পরের বিরুদ্ধে অন্তিম লড়াইয়ে নেমেছিলেন। তবে আইপিএল নয়, লড়াই ছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। শ্রেয়স অধিনায়কত্ব করছিলেন মুম্বইয়ের। অন্যদিকে রজত ছিলেন মধ্যপ্রদেশের নেতৃত্বে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ জিতেছিল মুম্বই। শেষ হাসি হেসেছিলেন শ্রেয়স আইয়ার। যিনি আগামিকাল আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। ১১ বছর বাদে ফের খেতাব জয়ের শেষ ধাপে পৌঁচেছে পাঞ্জাব!
অন্যদিকে মুস্তাক আলির ফাইনালে দুরন্ত খেলেও দলের হার ঠেকাতে পারেননি রজত পাটিদার। তিনি নি:সন্দেহে চাইবেন বদলা নিতে। চলতি মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে রয়েছেন রজত। ধারাবাহিকভাবে ভাল খেলছেন। অধিনায়ক হিসেবেও পরিণতি দেখিয়েছেন। যার ফল—আরসিবির দুর্দান্ত উন্নতি। ২০১৬ সালে শেষবার ফাইনালে উঠেছিল তারা। বিজিত অধিনায়ক হিসেবে ময়দান ছেড়েছিলেন বিরাট কোহলি। যিনি সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক উঠেছে। জমেছে প্রশ্ন। কিন্তু ব্যাট হাতে সেসবের ছিঁটেফোঁটা প্রভাব পড়তে দিচ্ছেন না বিরাট।
এতকিছুর মধ্যে ব্যক্তিগতভাবে শ্রেয়স-রজতের মাথায় অবশ্যই ঘুরপাক খাবে মুস্তাক আলির ফাইনাল। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান তোলে। দলের টপ অর্ডার, মিডল অর্ডার ভাল খেলতে না পারলেও সমস্ত ঘাটতি পুষিয়ে দেন অধিনায়ক রজত পাটিদার। ৩০ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন। কিছুটা হলেও সঙ্গত দেন শুভ্রাংশু সেনাপতি (১৭ বলে ২৩)।
জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৫ বলে টার্গেট চেজ করে ফেলে মুম্বই। মজার বিষয় হচ্ছে, ওই ম্যাচে মুম্বইয়ের নায়ক হয়ে ছিলেন সূর্যকুমার যাদব (৩৫ বলে ৪৮)। যাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সকে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত করে ফাইনালে উঠল পাঞ্জাব। এই সূর্যই ছিলেন ঘরোয়া ক্রিকেট টিমে শ্রেয়সের সতীর্থ!
সেই ম্যাচে আরও একজন মুম্বইয়ের কাণ্ডারী হয়ে ওঠেন। তিনি অজিঙ্কা রাহানে। তাঁর ব্যাট থেকে আসে ৩৭ রান। এবার আইপিএলে রাহানের কলকাতা অবশ্য প্লে-অফেই উঠতে পারেনি। গতবারের বিজয়ী নাইট রাইডার্স (যার অধিনায়ক, তাৎপর্যপূর্ণভাবে ছিলেন শ্রেয়স আইয়ার) এবার গ্রুপ স্তর থেকেই বিদায় নিয়েছে।
আগামিকাল আমদাবাদের লড়াইয়ে রজত প্রতিশোধ নিতে পারেন নাকি শ্রেয়স প্রথমবারের মতো পাঞ্জাবের হাতে আইপিএলের তাজ তুলে দেন—সেদিকেই আপাতত ক্রিকেটবিশ্বের নজর।