1.png)
রাজস্থান রয়্যালস
শেষ আপডেট: 22 April 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে উঠেছে গড়াপেটার অভিযোগ। এর আগে দু’বছরের জন্য নির্বাসিত হতে হয়েছিল মরু শহরের এই ফ্র্যাঞ্চাইজিকে। তবে এবারের দাবি পুরোপুরি নস্যাৎ (Refutes) করেছে রাজস্থান।
এবারের ঘটনার সূত্রপাত গত শনিবার। সেদিন রাজস্থান রয়্যালস (RR) ও লখনউ সুপার জায়েন্টস (LSG) মুখোমুখি হয়েছিল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। ওই ম্যাচে শেষ ওভারের থ্রিলারে ঘরের মাঠে ২ রানে হেরে যায় রাজস্থান। শেষ বলে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।
এদিকে ওই ম্যাচের পরই বিস্ফোরক অভিযোগ তোলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড–হক কমিটির আহ্বায়ক এবং বিজেপি বিধায়ক জয়দীপ বিহানি (Joydeep Bihani)। তাঁর অভিযোগ ওই ম্যাচে ফিক্সিং (Match Fixing) করেছে রাজস্থান।
বিহানি বলেছেন, ‘একজন শিশুও বুঝতে পারছে যে, ম্যাচটা ফিক্সড ছিল। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। কিন্তু সেটাও তুলতে পারল না রাজস্থান।’ এখানেই শেষ নয়, বিজেপি বিধায়কের আরও অভিযোগ, রাজস্থান রয়্যালস আরসিএ–কে (Rajasthan Cricket Association) ম্যানেজমেন্টে অন্তর্ভুক্ত হতে দিচ্ছে না।
এদিকে, বিজেপি বিধায়কের তোলা ফিক্সিংয়ের গড়াপেটার অভিযোগ উঠতেই পালটা দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে চিঠি দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজির তরফে কড়া ভাষায় জানানো হয়েছে, গড়াপেটার যাবতীয় অভিযোগ মিথ্যে। এমন ভিত্তিহীন অভিযোগ ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি নষ্ট করেছে। তারা গত ১৮ বছর ধরে বরাবর আরসিএ-এর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সমস্ত বিষয়ে সহযোগিতা করেছে তারা।