ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার অবসান। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর ঘোষণায় ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। খেলবে ১৪টি দল।

ইন্ডিয়ান সুপার লিগ
শেষ আপডেট: 6 January 2026 19:37
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর ভারতীয় ফুটবলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হল, আগামী মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে। মঙ্গলবার দিল্লিতে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ও ক্রীড়ামন্ত্রকের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করেন, আগামী মরশুমে আইএসএলে দল সংখ্যা কমছে না। আগের মতোই মোট ১৪টি দলকে নিয়েই আয়োজন করা হবে দেশের শীর্ষ ফুটবল লিগ। ফলে লিগের ভবিষ্যৎ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেল।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কোনও বাণিজ্যিক অংশীদার না মেলায় আইএসএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই কারণেই নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা সম্ভব হচ্ছিল না। তবে এবার দিনক্ষণ চূড়ান্ত করে সরকার যে লিগের পাশে রয়েছে, সে বার্তাই স্পষ্ট করে দিলেন মনসুখ মাণ্ডব্য। তিনি আশ্বাস দেন, আইএসএল আয়োজনের ক্ষেত্রে সরকার সবরকম সহযোগিতা করবে।
বৈঠক শেষে ক্রীড়ামন্ত্রী বলেন, “আইএসএল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। আজ সরকার, ফুটবল ফেডারেশন এবং ১৪টি ক্লাব একসঙ্গে বসে আলোচনার পর লিগ শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে। সব ক্লাবই এই মরশুমে অংশ নেবে।”
আগামী মরশুমের আইএসএলে যে ১৪টি দল মাঠে নামবে, তারা হল- মোহনবাগান, ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বই সিটি এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব, চেন্নাইয়িন এফসি, এসসি দিল্লি, বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং ওডিশা এফসি, জামশেদপুর এফসি।