
শেষ আপডেট: 17 December 2023 18:35
দ্য ওয়াল ব্যুরো: অর্শদীপ সিং ও আবেশ খানের পেস বোলিংয়ের দাপটে মাথা তুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ১১৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। সেই রান তুলতে ভারতের লাগল মাত্র ১৬.৪ ওভার। অভিষেক ম্যাচেই সাই সুদর্শন অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়ে দেন। শ্রেয়স আইয়ারও অর্ধ শতরানের ইনিংস খেলেন। তিন ম্যাচের সিরিজে ৮ উইকেটে প্রথম ম্যাচ জিতে গেল ভারত।
রবিবার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাডেন মাকরাম। তিনি ভেবেছিলেন প্রথমে ব্যাট করে ভারতের সামনে বড় রানের টার্গেট দেবেন। কিন্তু ভারতীয় পেসাররা তা হতে দেয়নি। ১১৬ রানের মধ্যেই সব উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।
এদিন প্রথম থেকেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। টনি ডে জর্জি (২৮) ও অ্যান্ডিলে ফেলুকায়ো (৩৩) ছাড়া কেউই রান পাননি। রিজা হেনরিক, ভ্যান দের দুশান ও উইয়ান মাল্ডার--- তিনজনই শূন্য রানে আউট হয়েছেন। অধিনায়ক মাররাম করেছেন মাত্র ১২ রান। শেষে নেমে সামসি ১১ রানের ইনিংস খেলেন। বাকি কেউই ১০ রানের গণ্ডি পেরোতে পারেননি।
রবিবারের ম্যাচে নিজেকে ফের একবার প্রমাণ করলেন অর্শদীপ সিং। ম্যাচে প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে গেছেন তিনি। পেস ও নিখুঁত সুইংয়ের দাপটে প্রোটিয়া ব্যাটাররা দিশেহারা হয়ে পড়েন। ১০ ওভার বল করে ৩৭ রান দিয়েছেন তিনি। একাই নেন ৫ উইকেট। অন্যদিকে, আবেশ খান ৮ ওভার বল করে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। শেষ উইকেটটি নেন কুলদীপ যাদব।
১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঋতুরাজ গায়কোয়াডের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ঋতুরাজের উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন সাই সুদর্শন ও শ্রেয়স আইয়ার। ৯৯ রানের পার্টনারশিপ ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন সাই সুদর্শন। মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত।