
গায়ানার মাঠে পিচ কভার সরেনি, খেলা অনিশ্চিত।
শেষ আপডেট: 27 June 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: গায়ানায় বৃষ্টি থামলেও পিচ কভার সরেনি। সকাল থেকে বৃষ্টি হলেও ভারত ও ইংল্যান্ডের খেলা শুরুর আগে বৃষ্টি আর নেই। মাঠের পিচ কভার অবশ্য রয়ে গিয়েছে। মাঠ কর্মীরা চেষ্টা করছেন দ্রুত খেলা শুরু করার।
টস কখন হবে, সেটি অনিশ্চিত। কারণ আম্পায়াররা টসের সময় এখনও বলেননি। গায়ানার আকাশ গত এক সপ্তাহ ধরেই ভোগাচ্ছে। টানা বৃষ্টি হচ্ছে, আবার থেমে গিয়ে রোদ উঠছে। তবে সেমিফাইনালের আগে স্থানীয় আবহাওয়া দফতর বলেছিল, ৭০ শতাংশ সম্ভাবনা রয়েছে খেলার সময়ে বৃষ্টি হওয়ার।
ঠিক সেটাই ঘটল বৃহস্পতিবার ভারতীয় সময়ে রাত আটটার সময়। ওয়েস্ট ইন্ডিজের সময়ে সকাল সাড়ে দশটায় খেলা শুরুর কথা ছিল। তবে আইসিসি নিয়মে রয়েছে, মোট ২৫০ মিনিট অপেক্ষা চলবে খেলা শুরুর। প্রায় চার ঘণ্টারও বেশি সময়। ভারতীয় সময়ে রাত ১২টা পর্যন্ত খেলা শুরুর অপেক্ষা চলবে। তারমধ্যে খেলা শুরু করা গেল ভাল, না হলে এই ম্যাচে ভারত জয়ী ঘোষিত হবে এবং তারা ফাইনালে চলে যাবে।
আইসিসি আগেই জানিয়েছিল, দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হচ্ছে না। কারণ যে দলই ফাইনালে জিতুক না কেন, শনিবারের মধ্যে বার্বাডোজে ফাইনাল ম্যাচ খেলতে সমস্যায় পড়বে তারা। তাই রিজার্ভ ডে রাখা সম্ভব হবে না। তবে সর্বোচ্চ চার ঘণ্টা অপেক্ষা করা হবে ম্যাচ শুরুর জন্য।
এই ম্যাচে কোনও কারণে খেলা বৃষ্টির জন্য বাতিল হলে গ্রুপ শীর্ষে থাকার কারণে রোহিতরা ফাইনালে চলে যাবেন। তবে বৃষ্টি না হলে অন্তত পাঁচ ওভারেরও ম্যাচ হতে পারে, সেটিও নিয়মে রয়েছে। দীনেশ কার্তিক অবশ্য আশায় খেলা শুরু হবে। ইংল্যান্ড ক্রিকেটাররা বৃষ্টি ভেজা মাঠে ফুটবল খেলছেন। আর ভারতীয় ড্রেসিংরুমে খেলা শুরুর অপেক্ষায় বসে রয়েছেন কোহলি, সূর্যকুমার, ঋষভরা।