IND vs SA ODI সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা জানালেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে প্রোটিয়া দল। তাঁর মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 30 November 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন ওয়ানডে সিরিজেও সেই আত্মবিশ্বাস ধরে রাখতে চাইছে। তবে ভারতীয় দলের দুই ব্যাটিং মহারথী রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার মানসিক শক্তি অনেকটাই বাড়াবে বলে আশা করা হচ্ছে। ঠিক এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে।
ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটারের ওয়ানডে ফরম্যাটে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে বাভুমা বলেন, "আমার মনে হয়, এই ম্যাচটা যথেষ্টই রোমাঞ্চকর হবে। অন্তত ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে তো রোমাঞ্চকর হবেই। দুই মহারথী আবারও ২২ গজে ফিরতে চলেছেন।"
এরপরই বাভুমা আরও বলেন, "এই দুজন ক্রিকেটার যখন মাঠে থাকেন, তখন একটা আলাদা পরিবেশ তৈরি হয়। সেটা আমাদের কাছে যথেষ্ট রোমাঞ্চকর। এমনই একটা পরিবেশের অপেক্ষা করছি আমরা। আমি শুধু এটুকুই বলতে পারি, আর পাঁচজন ক্রিকেটারের মতো, ওঁদের জন্যও আমরা বিশেষ প্রস্তুতি নিছি। এই ম্যাচে আমরা নিজেদের মতো করে পারফরম্যান্স করার চেষ্টা করব। এই লড়াই যে বেশ রোমাঞ্চকর হতে চলেছে, তা নিঃসন্দেহে বলতে পারি।"
অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, 'বিশেষ প্রস্তুতি' নেওয়ার কথা বলে বাভুমা ঘুরিয়ে রোহিত-বিরাটের গুরুত্বকে কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন, যা বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত ২ ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করেছিল প্রোটিয়া বাহিনী। সেই সিরিজে টেম্বা বাভুমার পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। টেস্টের পর ওয়ানডে সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি।
নিজের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, "একজন অধিনায়ক হিসেবে বলতে পারি, আমার দলে হয়তো খুব একটা পরিবর্তন হবে না। আমি মনে করি, আপনি নিশ্চয়ই ব্যাট হাতে ভাল পারফরম্যান্স করতে চাইবেন। ময়দানের রণনীতি অনুসারে আপনি সতীর্থদের নেতৃত্ব দিতে চাইবেন। সেকারণে আমার মনে হয় না, খুব বেশি কিছু পরিবর্তন করা হবে।"