গুয়াহাটিতে রবিবার যা হল, তাকে এক কথায় বলা যায় একপেশে লড়াই। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত (India) টার্গেট নাগালে আনল ১০ ওভারেই।

শেষ আপডেট: 25 January 2026 22:04
দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটিতে রবিবার যা হল, তাকে এক কথায় বলা যায় একপেশে লড়াই। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত (India) টার্গেট নাগালে আনল ১০ ওভারেই। উইকেট খোয়াতে হল মাত্র দু’টি। ফল—নিউজিল্যান্ডকে (New Zealand) ৮ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজ ৩–০ ব্যবধানে ক্লিন সুইপ।
তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি। প্রথম বলেই ফিরে যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। ম্যাট হেনরির (Matt Henry) বলে গোল্ডেন ডাক। কিছুক্ষণ পর ঈশান কিষাণ (Ishan Kishan) ঝোড় ২৮ (১৩) করে আউট হন ঈশ সোধির (Ish Sodhi) বলে। কিন্তু এই শেষ। এরপর একচ্ছত্র দাপট টিম ইন্ডিয়ার। অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মিলে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে কার্যত গুঁড়িয়ে দেন। অভিষেক অপরাজিত থাকেন ৬৮ রানে, সূর্য অপরাজিত ৫৭। বাউন্ডারি আর ওভার-বাউন্ডারির বন্যায় ১০ ওভারেই ১৫৫/২—খেল খতম!
এর আগে বল হাতেও ভারতের পারফরম্যান্স যথেষ্ট ধারালো। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিক। প্রথম ওভারেই ডেভন কনওয়ে (Devon Conway) ফিরে যান হার্ষিত রানার (Harshit Rana) ডেলিভারিতে। পরের ওভারে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) তুলে নেন রচিন রবীন্দ্রকে (Rachin Ravindra)। ষষ্ঠ ওভারে এসে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) প্রথম বলেই ফেরান টিম সাইফার্টকে (Tim Seifert)।
মধ্যে মার্ক চ্যাপম্যান (Mark Chapman) ও গ্লেন ফিলিপস (Glenn Phillips) কিছুটা প্রতিরোধ গড়লেও, শেষ পর্যন্ত রানের অঙ্ক বাড়েনি। চ্যাপম্যান আউট হন রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) বলে। হার্দিক নেন ড্যারিল মিচেলের (Daryl Mitchell) গুরুত্বপূর্ণ উইকেট। বুমরাহ ফেরান মিচেল স্যান্টনার (Mitchell Santner) ও কাইল জেমিসনকে (Kyle Jamieson)। ২০ ওভারে নিউজিল্যান্ড থামে ১৫৩/৯-এ।