বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship Final) ফাইনাল মানেই অবধারিত ভাবে অন ফিল্ড আম্পায়ারের (Umpire) ভূমিকায় রিচার্ড ইলিংওয়ার্থ (Richard Illingworth)।

রিচার্ড ইলিংওয়ার্থ
শেষ আপডেট: 24 May 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship Final) ফাইনাল মানেই অবধারিত ভাবে অন ফিল্ড আম্পায়ারের (Umpire) ভূমিকায় রিচার্ড ইলিংওয়ার্থ (Richard Illingworth)। আগের দুই ফাইনালেই ছিলেন এই ইংলিশ আম্পায়ার। এবারও তাঁকে একই ভূমিকায় দেখা যাবে।
শনিবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অফিশিয়ালদের নাম ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lords Cricket Ground) ফাইনাল অনুষ্ঠিত হবে ১১-১৫ জুন। ফাইনালে প্রথমবারের মতো খেতাবের লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা (South Africa)। ফাইনালে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)।
আইসিসির ঘোষণা অনুযায়ী ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসাবে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি (Chris Gaffaney) ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। বর্তমান আইসিসির বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থ। এর আগে ২০২১ ও ২০২৩ সালের ফাইনালেও তিনি অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলেছেন। এবার টানা তৃতীয়বারের মতো একই দায়িত্ব পালন করতে চলেছেন তিনি।
নিউজিল্যান্ডের গাফানি গত বছর ইলিংওয়ার্থের সঙ্গে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হিসাবে ছিলেন। পাশাপাশি তিনি ২০২৩ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও আম্পায়ার হিসাবে ছিলেন ইলিংওয়ার্থের সঙ্গে। তাঁদের সঙ্গে টিভি আম্পায়ার হিসাবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। ভারতের নিতিন মেনন (Nitin Menon) থাকছেন চতুর্থ আম্পায়ার হিসাবে। ম্যাচ রেফারির (Match Referee) দায়িত্বে থাকছেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ (Javalgal Sreenath)।