টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু করেছে ICC। কিন্তু ভেন্যু এখনও চূড়ান্ত নয়।

ফাইল চিত্র
শেষ আপডেট: 24 February 2026 21:51
দ্য ওয়াল ব্যুরো: ‘ধাঁধার থেকেও জটিল তুমি...’ মহীনের ঘোড়াগুলির এই গানটি হয়তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর কর্তারা শোনেননি। কিন্তু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল (World Cup Semi Final) ও ফাইনালের সূচি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তাতে সেই গানের লাইনই যেন বাস্তব হয়ে উঠেছে (T20 World Cup)।
ICC ইতিমধ্যেই তাদের স্টেকহোল্ডারদের মেইল করে জানিয়েছে, ঘোষিত সেমিফাইনাল সূচিতে পরিবর্তন হতে পারে। এই ঘোষণার মধ্যেই ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রিও শুরু করে দেওয়া হয়েছে। এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, যেখানে ভেন্যু এখনও চূড়ান্ত নয়, সেখানে কীভাবে টিকিট বিক্রি শুরু করা হল?
প্রথম পরিকল্পনা অনুযায়ী, সেমিফাইনাল হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বইয়ে। তবে বিকল্প হিসেবে কলম্বোকেও রাখা হয়েছে। ICC জানিয়েছে, যদি পাকিস্তান ও শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে, তাহলে তারা কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলবে। সেই ক্ষেত্রে কলকাতার ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হবে। একই রকম শর্ত রাখা হয়েছে ফাইনালের ক্ষেত্রেও। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে ম্যাচ হবে কলম্বোতে। অন্যথায় ফাইনাল আয়োজন করা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
ICC-র নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনালের ভেন্যু এখনও অনিশ্চিত। ম্যাচটি হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে বা কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে—সম্পূর্ণ নির্ভর করছে কোন দল কোয়ালিফাই করছে তার উপর। দ্বিতীয় সেমিফাইনাল অবশ্য নিশ্চিতভাবেই হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এই পরিস্থিতিতেই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন সমর্থকেরা। ধরা যাক, কলকাতার কোনও সমর্থক প্রথম সেমিফাইনালের টিকিট কাটলেন। পরে যদি ম্যাচটি কলম্বোতে সরিয়ে নেওয়া হয়, তাহলে তাঁর সামনে দুটো পথ খোলা থাকবে—হয় কলম্বো গিয়ে খেলা দেখা, নয়তো টিকিট বাতিল করা। টিকিট বাতিল করলে মূল অর্থ ফেরত মিললেও পেমেন্ট গেটওয়ে ফি বা প্ল্যাটফর্ম ফি ফেরত দেওয়া হবে না। ফলে সেই অর্থ ক্ষতির মুখে পড়বেন সমর্থকেরা।
অন্যদিকে, কেউ যদি শেষ মুহূর্তে কলম্বোতে গিয়ে ম্যাচ দেখতে চান, তাহলে তাঁকে নতুন করে বিমান টিকিট, হোটেল বুকিংয়ের মতো ব্যবস্থা করতে হবে। যা যেমন ঝক্কির, তেমনই খরচসাপেক্ষ। সব মিলিয়ে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করলেও সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু অনিশ্চিত রেখেই টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্তে ICC-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেটমহলে।