আইএসএলের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িনকে ২-০ গোলে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। দুই অজি ফুটবলারের গোলেই জয় নিশ্চিত হল। শুরু থেকেই ম্যাচে ছন্দ ছিল। আট মিনিটে ডান দিক থেকে নিচু ক্রস পেলেও ছোঁয়া লাগাতে পারেননি মার্টিন। সুযোগ হাতছাড়া না হলে শুরুতেই চাপে পড়তে পারত মোহনবাগান।

দিমিত্রি পেত্রাতোস
শেষ আপডেট: 23 February 2026 22:49
দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগের এই দিনেই ওড়িশার বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল করে লিগ শিল্ড নিশ্চিত করেছিলেন দিমিত্রি পেত্রাতোস (Dimi Petratos)। সেই ঐতিহাসিক মুহূর্তের সময়টুকু আজও তাঁর পায়ে উল্কি হয়ে খোদাই করা। কাকতালীয়ভাবে তখন ওড়িশার কোচ ছিলেন সার্জিও লোবেরা। আর এ বার সেই লোবেরার কোচিংয়েই চলতি মরসুমে (ISL 2025-26) নিজের প্রথম গোলটি তুলে নিলেন সবুজ-মেরুনের (Mohunbagan SG) অজি তারকা।
আইএসএলের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িনকে ২-০ গোলে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। দুই অজি ফুটবলারের গোলেই জয় নিশ্চিত হল। শুরু থেকেই ম্যাচে ছন্দ ছিল। আট মিনিটে ডান দিক থেকে নিচু ক্রস পেলেও ছোঁয়া লাগাতে পারেননি মার্টিন। সুযোগ হাতছাড়া না হলে শুরুতেই চাপে পড়তে পারত মোহনবাগান।
১২ মিনিটে পাল্টা আক্রমণে কর্নার থেকে অনিরুদ্ধ থাপার শট বারের উপর দিয়ে যায়। ২০ মিনিটে পেত্রাতোসের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদল করলেও গোলকিপার মহম্মদ নওয়াজ সেভ করে দেন। ৩৭ মিনিটে রবসন ও লিস্টনের বোঝাপড়া নজর কাড়লেও ফল মেলেনি। ৪২ মিনিটে কোলাসোর শট পোস্টে লেগে ফেরে। অফসাইডে ধরা পড়ায় জেমির জালে বল জড়ানোও গণ্য হত না।
প্রথমার্ধ যখন গোলশূন্য শেষ হওয়ার পথে, তখনই থ্রু পেয়ে জালে বল জড়ান ম্যাকলারেন। চোট পেয়ে নওয়াজের মাঠ ছাড়া চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। বিরতির ঠিক আগে সেই গোল ম্যাচের রং বদলে দেয়।
দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে লোবেরার দল। ৪৬ মিনিটে জেমি ব্যর্থ। ৫২ ও ৬২ মিনিটে পরপর সুযোগ নষ্ট করেন ম্যাকলারেন। গ্যালারিতে আফসোস বাড়ছিল। তবে ৬৫ মিনিটে বাঁদিক থেকে শুভাশিসের ভাসানো বলে নিখুঁত জোরাল শটে ব্যবধান বাড়ান পেত্রাতোস। গোলের পর গ্যালারির সামনে তাঁর স্বাক্ষর উদ্যাপন নতুন উদ্দীপনা ছড়ায়।
দুই অজি তারকার কার্যকর উপস্থিতিতে মরসুমের শুরুতেই ছন্দ খুঁজে পেল মোহনবাগান। লোবেরার পরিকল্পনা, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং আক্রমণের ধার - সব মিলিয়ে দল যে সঠিক পথে হাঁটছে, তারই ইঙ্গিত মিলল এই জয়ে।