পাশাপাশি দলগত ইভেন্টেও উজ্জ্বল ভারত। সম্রাট রানা (৫৮৬), বরুণ তোমার (৫৮৬) এবং শ্রবণ কুমারের (৫৮২) সম্মিলিত স্কোর ১৭৫৪, যা দলগত সোনা এনে দেয়। দু’নম্বরে ইতালি, তৃতীয় স্থানে জার্মানি। ব্যক্তিগতভাবে শ্রবণ শেষ করেন ১২তম স্থানে।

ছবি: গুগল
শেষ আপডেট: 11 November 2025 10:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় শুটিংয়ের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন সম্রাট রানা (Samrat Rana)। কায়রোয় (Cairo) আয়োজিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে (ISSF World Championships) পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতে দেশের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। এই জয়ে ব্যক্তিগত সোনার পাশাপাশি দলগত ইভেন্টেও সোনা জেতে ভারত।
চূড়ান্ত ফাইনাল ছিল উত্তেজনাপূর্ণ। সম্রাট শেষ পর্যন্ত ধৈর্য ধরে তোলেন ২৪৩.৭ স্কোর, চীনের হু কাই (Hu Kai) থেকে মাত্র ০.৪ পয়েন্ট এগিয়ে। হু কাইয়ের স্কোর দাঁড়ায় ২৪৩.৩। তৃতীয় স্থানে থাকা ভারতের বরুণ তোমার (Varun Tomar) ২২১.৭। ফলে প্রথমবারের মতো একই ইভেন্টে একসঙ্গে দু’জন ভারতীয় শ্যুটার বিশ্বচ্যাম্পিয়নশিপের পোডিয়ামে জায়গা পেলেন।
জয়ের পর সম্রাট বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না। কায়রো আমার কাছে সবসময়ই ভাগ্যবান জায়গা। ২০২২ সালের জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপেও এখানে দুটো পদক পেয়েছিলাম। শেষ দিকের শটগুলোয় শুধু নিজের টেকনিকে মনোযোগ রাখার চেষ্টা করেছি।’
পাশাপাশি দলগত ইভেন্টেও উজ্জ্বল ভারত। সম্রাট রানা (৫৮৬), বরুণ তোমার (৫৮৬) এবং শ্রবণ কুমারের (৫৮২) সম্মিলিত স্কোর ১৭৫৪, যা দলগত সোনা এনে দেয়। দু’নম্বরে ইতালি, তৃতীয় স্থানে জার্মানি। ব্যক্তিগতভাবে শ্রবণ শেষ করেন ১২তম স্থানে।
এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ, কারণ বছরের শুরুতে বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি সম্রাট। তবু মনোবল হারাননি। বলেন, ‘নিজেকে বারবার শান্ত রেখেছি, বিশ্বাস রেখেছি। এখন মনে হচ্ছে, পরিশ্রমের ফল পেয়েছি।’
২০১৮ সাল থেকে বাবার তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু করেন সম্রাট। গত বছর জিতেছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গোল্ড। এবার বিশ্বচ্যাম্পিয়নশিপ ছিনিয়ে হয়ে উঠলেন অলিম্পিক্সে ভারতের অন্যতম বড় সম্ভাবনা।
অন্যদিকে, বরুণের পারফরম্যান্সও কেড়েছে নজর। তাঁর বাবা বিশেষ তোমার বলেন, ‘ছেলের এই সাফল্যে আমি গর্বিত। ওর ভাই সৌরভ (চৌধুরি) সবসময় প্রেরণা দিয়েছে। দু’জনেই একই কোচের কাছে অনুশীলন করত।’ বর্তমানে বরুণ ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে (Karni Singh Ranges, Delhi) ট্রেনিং নিচ্ছেন। এই নিয়ে তাঁর বাবার মন্তব্য, ‘কোচ প্রায়ই ওকে বিশ্রাম নিতে বলত, কিন্তু বরুণ কখনও থামত না। শুটিং-ই ওর নেশা।’
অন্যদিকে, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালের কাছাকাছি গিয়েও পদক হাতছাড়া মনু ভাকর (Manu Bhaker) ও ঋষা সিংহের (Esha Singh)। যদিও দলগত ইভেন্টে রুপো জিতেছে ভারত।