.jpg)
হার্দিক পান্ডিয়া এবং রণবীর আল্লাবাদিয়া
শেষ আপডেট: 12 February 2025 14:56
রণবীর আল্লাবাদিয়া। এই নামটা আপাতত গোটা দেশের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি তিনি একটি ডার্ক কমেডি শো'য়ে গিয়েছিলেন। সেখানে বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে এমন একটি বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন, যা আপাতত স্ফুলিঙ্গ থেকে দাবানলে পরিণত হয়েছে। এই ঘটনায় রণবীর ক্ষমা চাইলেও বিতর্কের আঁচ যেন কিছুতেই কমতে চাইছে না।
কয়েক বছর আগের কথা। সালটা ছিল ২০১৮। এমনই একটি বিতর্কিত মন্তব্যের কারণে গোটা দেশের চক্ষুশূল হয়ে উঠেছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 'কফি উইথ করণ' অনুষ্ঠানে কেএল রাহুলের সঙ্গে অতিথি হিসেবে গিয়েছিলেন হার্দিক। ভারতের এই তারকা ক্রিকেটার জানিয়েছিলেন, একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি।
সঙ্গে তিনি এও জানিয়েছিলেন, এইসব সম্পর্কে ব্যাপারে তিনি বাবা-মায়ের সঙ্গেও খোলাখুলি আলোচনা করেন। হার্দিক বলেছিলেন, নাইট ক্লাবে গিয়ে তিনি কখনই কোনও মহিলার নাম জিজ্ঞেস করেন না। বরং, কীভাবে তাঁর সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়া যায়, সেটা নিয়েই চিন্তাভাবনা করেন তিনি।
আর এই মন্তব্যের কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দিকেও অভিযোগের আঙুল উঠতে শুরু করেছিল। প্রশ্ন উঠেছিল, ভারতীয় ক্রিকেটাররা দেশের যুব সমাজের কাছে এক একজন আইকন। আর সেই কথাটা মাথায় রেখে বিসিসিআই কীভাবে ভারতীয় ক্রিকেটারদের এমন টক শো'য়ে যাওয়ার অনুমতি দেয়। কারণ এমন অনুষ্ঠানের সঙ্গে তো ক্রিকেটারদের দুর-দুরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই।
সম্প্রতি রণবীরের এই বিতর্কিত মন্তব্য হার্দিক পান্ডিয়ার সেই 'কালো-অধ্যায়'কে আরও একবার মনে করিয়ে দিচ্ছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, সামান্য সস্তার জনপ্রিয়তার খোঁজেই দেশের তথাকথিত সেলিব্রিটিরা নিজেদের বিপদ ডাকছেন? প্রশ্ন উঠছে বর্তমান ভারতীয় প্রজন্মের মূল্যবোধ নিয়েও। যৌনতা এবং কমেডি কি কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে? সেই উত্তর এখনও পাওয়া যায়নি। আদৌ পাওয়া যাবে? সেটাও জানা নেই।