আজ জর্জিয়ায় আয়োজিত লড়াইয়ের শেষ কিস্তি ছিল যেন নিখুঁত থ্রিলারের চিত্রনাট্য! দুটো ক্লাসিক্যাল গেম ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় র্যাপিড টাইব্রেকারে।

দিব্যা দেশমুখ
শেষ আপডেট: 28 July 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: মহিলা দাবা বিশ্বকাপের ফাইনালের (FIDE Women’s Chess World Cup Final) পরপর দুটো গেম অমীমাংসিতভাবে শেষ হয়। আজ, তৃতীয় দিন একটা না একটা ফলাফল বেরতই। বোর্ডের দু’প্রান্তে ভারতের দুই দাবাড়ু। একদিকে অষ্টাদশী দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। অন্যদিকে অভিজ্ঞ কোনেরু হাম্পি (Koneru Humpy)। টানটান টাইব্রেকারে শেষ হাসি হাসলেন নাগপুরের কন্যা দিব্যা (Divya Deshmukh Wins World Cup)। জিতলেন ফিডে মহিলা দাবা বিশ্বকাপ।
আজ জর্জিয়ায় আয়োজিত লড়াইয়ের শেষ কিস্তি ছিল যেন নিখুঁত থ্রিলারের চিত্রনাট্য! দুটো ক্লাসিক্যাল গেম ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় র্যাপিড টাইব্রেকারে। প্রথম গেমও দুই ভারতীয় দাবাড়ুকে আলাদা করতে পারেনি। অচলাবস্থার সেই প্রহরেই বাজিমাত দিব্যার। দ্বিতীয় র্যাপিড গেমে হাম্পির একটিমাত্র ভুল চাল কাজে লাগিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তরুণ গ্র্যান্ডমাস্টার।
দ্বিতীয় টাইব্রেক গেম হাম্পি সাদা ঘুঁটি হাতে ক্যাটালান ভ্যারিয়েশন দিয়ে শুরু করেন। খেলার শুরুতে কিছুটা আধিপত্য থাকলেও ধৈর্য আর সময়জ্ঞান দেখিয়ে ধীরে ধীরে নিজের দিকের পাল্লা ভারী করেন দিব্যা। একপর্যায়ে ঘড়িতে হাম্পির চেয়ে ৮ মিনিট এগিয়েও ছিলেন তিনি।
চাপে পড়ে হাম্পি একটি 'ডেড ড্র' অবস্থায় ভুল চাল দেন। তাতেই বাজিমাত করেন দিব্যা। এরপরের চালেই ম্যাচ কার্যত শেষ! সময় ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে হাম্পির দ্বিতীয় ভুল। আর সেই সুবাদে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেন দিব্যা দেশমুখ।
প্রসঙ্গত, ফাইনালের আগের দুটি ক্লাসিকাল গেম ছিল সেয়ানে-সেয়ানে। প্রথম ম্যাচ ৪১ চালে ড্র হয়। দ্বিতীয় ম্যাচেও দিব্যা চাপমুক্তভাবে খেলে ৩৪ চালে ড্র ছিনিয়ে নেন। কিন্তু টাইব্রেকারের উত্তাপেই বদলে যায় ম্যাচের গতিপথ।
টাইব্রেকের প্রথম র্যাপিড গেমে দিব্যা সাদা ঘুঁটি নিয়ে পেট্রভ ডিফেন্স কাজে লাগান। শুরুতেই একাধিক ঘুঁটির বিনিময়। সময় কমে আসায় খেলা চলে যায় ‘টাইম ট্রাবলে’। দিবযার বুদ্ধিদীপ্তচালে ‘পারপেচুয়াল চেকে’র সাহায্যে ম্যাচ ড্র। আর দ্বিতীয় গেমেই বাজিমাত।
এই ঐতিহাসিক জয়ের সুবাদে ডিভ্যা শুধু বিশ্বকাপই জিতলেন না, হয়ে গেলেন ভারতের ৮৮তম গ্র্যান্ডমাস্টার এবং চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার (WGM)। অর্থাৎ, মুকুটে তিনটি পালক একসঙ্গে জুড়ল। যুদ্ধ জিতে আবেগ ধরে রাখতে পারেননি দিব্যা। গাল বেয়ে গড়িয়ে পড়ছে জল, চোখে গর্বের ঝিলিক! বিশ্বজয়ের খবরের পাশপাশি এই মুহূর্তের ছবি দাবা দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।