দুটি আইসিসি ট্রফি জিতেও গৌতম গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি!

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 14 March 2026 11:43
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার কোচ হিসেবে ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর অধীনে প্রথম ভারতীয় কোচ হিসেবে দুটি আইসিসি ট্রফি জয়ের নজির গড়েছে টিম ইন্ডিয়া। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দিন কয়েক আগেই ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবুও ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে, গম্ভীরের সামনে এখনও বড় পরীক্ষা বাকি রয়েছে।
সংবাদমাধ্যম মানিকন্ট্রোলকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, গম্ভীরের প্রকৃত পরীক্ষা হবে আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপে। সেই টুর্নামেন্টেই বোঝা যাবে তিনি বড় মঞ্চে দলকে কতটা সফলভাবে নেতৃত্ব দিতে পারেন।
সৌরভের কথায়, “২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় সাদা বলে ওর আসল পরীক্ষা হবে। ওখানকার পরিবেশই ওকে পরীক্ষা নেবে। তবে আমি আত্মবিশ্বাসী, ওর হাতে যে দল রয়েছে, তাতে ও সফল হবে।”
উল্লেখ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে সেটিই হতে পারে রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ আইসিসি টুর্নামেন্ট। ২০২৩ সালের ১৯ নভেম্বরের হৃদয়ভঙ্গের পর ২০২৭ সালে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে রোহিত, বিরাট-সহ পুরো ভারতীয় দল।
তবে আপাতত গম্ভীরের মূল ফোকাস থাকবে টেস্ট ক্রিকেটে। কারণ তাঁর কোচিংয়ের সময়ে ভারতের টেস্ট দলের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। দল নির্বাচন নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। ঘরের মাঠে ঘূর্ণি উইকেট তৈরি করেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে ভারতকে। এমনকি অস্ট্রেলিয়া সফরেও দল প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এই প্রেক্ষাপটে গম্ভীরকে পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে উন্নতি করতে গেলে পিচ নিয়ে অতিরিক্ত ভাবনা না করাই ভালো।
সৌরভ বলেন, “লাল বলের ক্রিকেটে ওকে আরও উন্নতি করতে হবে। আর সেটা করার জন্য পিচ নিয়ে বেশি ভাবার দরকার নেই। মাথা থেকে পিচের বিষয়টা সরিয়ে ফেলতে হবে। ইংল্যান্ড সিরিজের কথাই ধরুন— ও পিচ নিয়ে কিছু করতে পারেনি, আর ফলাফল দেখুন, ভারত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে। দেশের মাঠে ঘূর্ণি উইকেট বানিয়ে খেলার কোনও প্রয়োজন নেই।”