ফ্রিটজকে যদিও হাসতে হাসতে হারাননি জোকোভিচ। বিস্তর ঘাম ঝরাতে হয়েছে। প্রথম সেটে তিন-তিনটে ব্রেক পয়েন্ট বাঁচালেন। দ্বিতীয় সেটেও কোনও মতে রক্ষা পেলেন বিপদ থেকে।

নোভাক জোকোভিচ
শেষ আপডেট: 3 September 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: যিনি খেলেন, ম্যাচ জেতেন, তিনি লাফান, উপরন্তু নাচেনও!
ইউএস ওপেনের কোর্টে নোভাক জোকোভিচ (Novak Djokovic) অনেকবারই শত্রু বধ করেছেন। কখনও খেতাব জিতেছেন, আনন্দে মেতেছেন। কখনও হাড্ডাহাড্ডি লড়েও খালি হাতে ফিরতে হয়েছে, চোখের কোণে ঝিলিক মেরেছে দু’ফোঁটা জল!
কিন্তু বুধবার ম্যাচ শেষে, লড়াই জিতে শেষ চারের টিকিট পাকা করার পর যা করলেন, তেমন অবতারে ‘জোকার’কে অদ্যাবধি দেখা যায়নি! টেলর ফ্রিটজকে (Taylor Fritz) হারিয়ে সেমিফাইনালে ওঠার পর হঠাৎ বলা নেই, কওয়া নেই নাচতে শুরু করলেন। তাল–লয়ে নিখুঁত মুদ্রা, হাত–পায়ের দক্ষ লহরী! ফ্লাশিং মেডোর কোর্ট মুহূর্তে ডান্স ফ্লোর! যেন খেলা খতম হতেই কোনও মিউজিক ভিডিওর শ্যুট চলছে। এটা কি নিছক উদযাপন? নাকি তীক্ষ্ম ট্রোলিং? কটূক্তি করা দর্শকদের উদ্দেশে তির্যক বার্তা?
Novak Djokovic did a dance after his win over Fritz at the U.S. Open in honor of his daughter Tara’s birthday 😂
pic.twitter.com/QDyjG2umLU— The Tennis Letter (@TheTennisLetter) September 3, 2025
দিনশেষে জানা গেল, সবার অনুমান ভুল। আসলে এই ডান্স পারফরম্যান্স মেয়ের জন্মদিনে বাবার উপহার! বুধবার ছিল জোকোভিচের মেয়ে তারার অষ্টম জন্মদিন। ম্যাচের আগেই ঘোষণা করেন, ‘জেতাটা হবে আমার গিফট!’ লড়াই জিতে কথা রাখলেন জোকোভিচ। ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪ স্কোরলাইনে চার সেটের দ্বৈরথের পর শেষ হাসি হাসলেন। ম্যাচ খতম হতেই বললেন, ‘শেষের নাচ… কাল ও-ই আমাকে মার্কস দেবে! বাড়িতে আমরা আলাদা কোরিওগ্রাফি করি। আশা করি সকালে ঘুম ভাঙার পর এটা দেখে ও হাসবে!’
ফ্রিটজকে যদিও হাসতে হাসতে হারাননি জোকোভিচ। বিস্তর ঘাম ঝরাতে হয়েছে। প্রথম সেটে তিন-তিনটে ব্রেক পয়েন্ট বাঁচালেন। দ্বিতীয় সেটেও কোনও মতে রক্ষা পেলেন বিপদ থেকে। আমেরিকান প্রতিপক্ষের সামনে সুযোগ এল, কিন্তু কাজে লাগাতে পারলেন না। একের পর এক ব্রেক-পয়েন্ট নষ্ট করে শেষ পর্যন্ত সেট খোয়ালেন ফ্রিটজ।
দর্শকরা অবশ্য ঘরের ছেলের পাশে দাঁড়ান। মাঝেমধ্যেই আওয়াজ তুলে খেপিয়ে দিচ্ছিলেন জোকোভিচকে। এতটাই যে, একসময় তিনি রাগের চোটে চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে এই নিয়ে অভিযোগও করে বসেন! সবমিলিয়ে মনোসংযোগ টলে যায়, তৃতীয় সেট হারান। কিন্তু অন্তিম সেটে ফের ঝলসে ওঠে জোকোভিচের ক্লাস। দাঁতে দাঁত চেপে খেলা গড়ায়। ৫-৪ এগিয়ে থাকা অবস্থায় ফ্রিটজ সার্ভিসে ডাবল ফল্ট করতেই ম্যাচ শেষ।