
গতবারের ডুরান্ড কাপ জয়ী মোহনবাগান দল।
শেষ আপডেট: 2 July 2024 21:43
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু ২৭ জুলাই। ফাইনাল হবে ৩১ অগস্ট। কলকাতার তিন প্রধান দলই এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় খেলবে। মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি দলে থাকবে চারটি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ স্থানীয় দল যাবে কোয়ার্টার ফাইনালে। বাকি দ্বিতীয় দুটি সেরা দল যাবে কোয়ার্টার ফাইনালে।
এবার দেশের চার শহরে খেলা হবে ডুরান্ড কাপের আসর। মোট ৪৩টি ম্যাচ খেলা হবে রাউন্ড রবিন লিগের ভিত্তিতে। লিগ পর্বের ৬টি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপের খেলা হবে কলকাতায়।
কোকরাঝাড়, শিলং ও জামশেদপুরে একটা করে গ্রুপের ম্যাচ হবে। টুর্নামেন্টের ম্যাচগুলি দেখানো হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল ও সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে।
ডুরান্ড কাপ ফুটবলে এবার অংশ নেবে আইএসএলের ১৩টি দল, আই লিগ থেকে চারটি দল অংশ নেবে। এছাড়াও সেনাবাহিনীর দুটি দল খেলবে। গতবার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এবার তারা সিনিয়র দল খেলাবে কিনা, সেটি এখনও ঠিক হয়নি।
এবারের ডুরান্ড কাপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উদ্বোধন করবেন। থাকবেন সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরাও।