আন্তর্জাতিক মঞ্চে ফিরলেন প্রায় দু’বছর পর। আর নেমেই সোনা জিতে নিলেন ভারতের লংজাম্পার (Long Jumper) মুরলি শ্রীশঙ্কর (Murali Sreeshankar)।

মরলী শ্রীশঙ্কর
শেষ আপডেট: 20 July 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফিরলেন প্রায় দু’বছর পর। আর নেমেই সোনা জিতে নিলেন ভারতের লংজাম্পার (Long Jumper) মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। শনিবার পর্তুগালের (Portugal) মাইয়া শহরে (Maia) আয়োজিত ‘মিটিং মাইয়া সিদাদে দো দেস্পোর্তো ২০২৫’-এ (Meeting Maia Cidade do Desporto) ৭.৭৫ মিটার লাফ দিয়ে সবার সেরা কেরলের অ্যাথলিট। প্রসঙ্গত, এই টুর্নামেন্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কনটিনেন্টাল ট্যুরের ব্রোঞ্জ স্তরের প্রতিযোগিতা।
এর আগে চোটের ধাক্কায় দীর্ঘ সময় টার্ফের বাইরে ছিলেন। গত বছর এপ্রিলে হাঁটুর চোটে অলিম্পিকের দল থেকেও ছিটকে যান। ফলে নামেননি প্যারিসে। কিন্তু স্কিলে যে এতটুকু মরচে পড়েনি, পর্তুগালে ফিরে বুঝিয়ে দিলেন দক্ষিণী লংজাম্পার।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই ৭.৬৩ মিটার লাফ দেন। আর দ্বিতীয় চেষ্টায় ছুঁয়ে ফেলেন দিনের সেরা জাম্প—৭.৭৫ মিটার। পরের তিনটি রাউন্ডে যথাক্রমে ৭.৬৯ মিটার, একটি ফাউল ও ৬.১২ মিটার উচ্চতা স্পর্শ করেন। অন্তিম রাউন্ডে ৭.৫৮ মিটার। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন পোল্যান্ডের পিওতর তারকোভস্কি ও অস্ট্রেলিয়ার ক্রিস মিত্রেভস্কি।
মাত্র সপ্তাহখানেক আগে, ১২ জুলাই পুনেতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্সে চোট সারিয়ে নামা মাত্র সোনা জেতেন শ্রীশঙ্কর। সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত সেই মিটে চতুর্থ চেষ্টায় ৮.০৫ মিটার লাফ দিয়ে সেরা হন। প্রথম দুই অ্যাটেম্পে ছুঁয়েছিলেন যথাক্রমে ৭.৮৪ ও ৭.৯৯ মিটার।
তবে সামনে আরও বড় লক্ষ্য। চলতি বছরের শেষে টোকিওতে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস এবং আগামী বছরের কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের দিকে নজর শ্রীশঙ্করের। যদিও বিশ্ব চ্যাম্পিয়নশিপসে সরাসরি যোগ্যতা পেতে হলে তাঁকে পেরোতে হবে ৮.২৭ মিটারের চ্যালেঞ্জিং মাইলফলক।
প্রসঙ্গত, দু’বছর আগে জীবনের আলো-অন্ধকার দুইয়েরই সাক্ষী থেকেছেন শ্রীশঙ্কর। একদিকে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে রূপো জেতেন। লাফ দেন ৮.৩৭ মিটার। যার সুবাদে প্যারিস অলিম্পিকের কোয়ালিফিকেশন সুনিশ্চিত হয়। কিন্তু এরপরই আসে সেই মর্মান্তিক চোট, তাও এমন সময়ে, যা তাঁকে ছিটকে দেয় অলিম্পিক্স থেকে। যদিও ওই বছরই এশিয়ান গেমসেও রূপো জেতেন, খেলেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও ডায়মন্ড লিগ ফাইনাল।