
প্যারিস অলিম্পিক্স ভিলেজ ঠিক সেইন নদীর পাশেই গড়ে উঠেছে।
শেষ আপডেট: 3 August 2024 23:54
দ্য ওয়াল ব্যুরো: এই প্রশ্নটা সাধারণ মানুষের মাথায় ঘোরে, অনেকেই জানতে চান, অলিম্পিক্সের পরে ভিলেজ কীসের জন্য ব্যবহার হয়? তারপর কি ভেঙে ফেলা হয় অ্যাথলিটদের এই বাসগৃহকে?
দিল্লিতে ২০১০ সালে কমনওয়েলথ গেমসের সময় ভিলেজ বানানো হয়েছিল অস্থায়ীভাবে। তার বেশিরভাগ ছিল অবৈধ নির্মান। তাই সেগুলি ভেঙে দেয় দিল্লি ভূমি সুরক্ষা দফতর।
এবার প্যারিসেও কি তাই করা হবে? এএফপি-র একটি রিপোর্টে জানা গিয়েছে, জনসংখ্যার ঊর্ধ্বগতি, আবাসন, ইত্যাদি মাথায় রেখে প্রতিটি ভিলেজকে এমনভাবে গড়ে তোলা হয় যেন এটা পুরো শহরের অংশ হয়ে ওঠে। পুরো অলিম্পিক ভিলেজকে এমনভাবে সাজানো হয়, যাতে অলিম্পিকের পর জনসাধারণের ব্যবহারের জন্য সেটি খুলে দেওয়া যায়।
প্যারিসের অদূরে সেন্ট-ডেনিসে গড়ে উঠেছে এবারের অলিম্পিক্স ভিলেজ। শহরটির উন্নয়নের কথা মাথায় রেখেই সাজিয়ে তোলা হয়েছে এই গ্রাম। আয়োজকদের তরফে জানানো হয়েছে, আমরা এই ভিলেজকে একটা নতুন আবাসন প্রকল্প হিসেবে ব্যবহার করব। এখন এই আবাসনের জন্য ভাড়া দিচ্ছে অলিম্পিক্স কমিটি।
গেমস শেষে সব ক’টি বহুতলই বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। অনেকগুলি ব্যবহার করা হবে কর্পোরেট অফিস হিসেবেও। ভিলেজে আছে ৮২টি অ্যাপার্টমেন্ট। মোট ২০ হাজার অ্যাথলিটদের জন্য অ্যাপার্টমেন্ট, রেস্তোরাঁ, কোচিং সেন্টার, মল, সবকিছুই থাকবে। ব্যাঙ্কও রয়েছে নানা দেশের। ডাইনিং রুমে মোট পাঁচ হাজার অ্যাথলিট একসঙ্গে বসে খেতে পারবেন।
এবারের অলিম্পিক্স ভিলেজে সবচেয়ে বেশি নজর কেড়েছে কুলিং সিস্টেম। সোলার প্যানেল দিয়েই তৈরি করা হয়েছে কিছু বিল্ডিংয়ের ছাদ। সেইন নদী থেকে যাতে বাতাস অ্যাথলিটদের ঘরে আসতে পারে, তার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে।