সাত্ত্বিক–চিরাগের জুটি যে ফর্মে রয়েছে, তাতে ফাইনালের দিকে অধীর আগ্রহে তাকিয়ে গোটা দেশের ব্যাডমিন্টন মহল।

সাত্ত্বিক-চিরাগ
শেষ আপডেট: 18 October 2025 10:24
দ্য ওয়াল ব্যুরো: একদিকে স্বপ্ন বুনে চলেছেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টির (Chirag Shetty) জুটি, অন্যদিকে থেমে গেল লক্ষ্য সেনের (Lakshya Sen) পথচলা। শুক্রবার ডেনমার্ক ওপেন (Denmark Open 2025) সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে একদিনেই ভারতীয় শিবিরে ছড়াল উচ্ছ্বাস, জমল হতাশা!
পুরুষদের ডাবলসে ভারতীয় ব্যাডমিন্টনের সবচেয়ে সফল জুটি সাত্ত্বিক–চিরাগ দুরন্ত ছন্দে ঢুকে পড়েছেন সেমিফাইনালে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারালেন ইন্দোনেশিয়ার মুহাম্মদ রিয়ান আরডিয়ান্তো (Muhammad Rian Ardianto) ও রহমত হিদায়াতের (Rahmat Hidayat) জুটিকে ২১–১৫, ১৮–২১, ২১–১৬ গেমে। ম্যাচ চলেছে ৬৫ মিনিট ধরে—প্রতি গেমেই ছিল তীব্র স্নায়ুর লড়াই।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের (BWF World Championships 2025) ব্রোঞ্জজয়ী এই ভারতীয় জুটি আগের রাউন্ডে পরাস্ত করেছিলেন স্কটল্যান্ডের ক্রিস্টোফার গ্রিমলি–ম্যাথিউ গ্রিমলি এবং তারপর চিনা তাইপের লি ঝে–হুয়ে ও ইয়াং পো–হসুয়ানকে। এবার শেষ চারে তাঁদের প্রতিপক্ষ চিনের (China) চেন বো ইয়াং–ই লিউ জুটি অথবা জাপানের (Japan) তাকুরো হোকি–ইউগো কোবায়াশি।
অন্যদিকে, একক ইভেন্টে হতাশ করলেন লক্ষ্য সেন। আগের দিনই হারিয়ে দেন বিশ্বের দুই নম্বর ও ঘরের ছেলে আন্দের্স অ্যান্টনসেনকে (Anders Antonsen)। কিন্তু অলিম্পিক্স চতুর্থ স্থানে শেষ করা ব্যাডমিন্টন তারকাকে শুক্রবার বেজায় ক্লান্ত দেখাল। ফ্রান্সের (France) সপ্তম বাছাই অ্যালেক্স লানিয়েরের (Alex Lanier) কাছে হার মানলেন সরাসরি সেটে—৯–২১, ১৪–২১। ম্যাচ শেষ হয় মাত্র ৪৪ মিনিটে।
প্রথম গেম থেকেই লানিয়ের পুরো নিয়ন্ত্রণে। টানা পাঁচ পয়েন্ট তুলে নেন। আর লক্ষ্য বারবার ভুল করে চলেন। দ্বিতীয় গেমে খানিক লড়াই দেখা গেল। একসময় ৩–১ এগিয়েও যান লক্ষ্য। কিন্তু তারপরই ছন্দপতন। ফরাসি প্রতিপক্ষ টানা নয় পয়েন্ট জিতে এগিয়ে যান ১০–৪ ব্যবধানে এবং সহজেই লড়াই জিতে যান। ফলত, লক্ষ্য সেনের অভিযান থেমে গেল কোয়ার্টার ফাইনালে। তবে ডাবলসে ভারতের আশা এখনও অটুট। সাত্ত্বিক–চিরাগের জুটি যে ফর্মে রয়েছে, তাতে ফাইনালের দিকে অধীর আগ্রহে তাকিয়ে গোটা দেশের ব্যাডমিন্টন মহল।