কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে মেয়ে 'পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টন' চালু করলেন মেয়ে দীপিকা।
.jpeg.webp)
দীপিকা পাড়ুকোন।
শেষ আপডেট: 10 June 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে এক অসাধারণ উপহার দিলেন কন্যা দীপিকা। বলিউড তারকা ও প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপিকা পাড়ুকোন তাঁর বাবার নামে ‘পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন' চালু করলেন। Padukone School of Badminton, PSB-র আনুষ্ঠানিক সূচনা হল তাঁর হাতে।
দীপিকা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খবর জানান। তিনি লিখেছেন, 'আমি একজন এমন মানুষ, যার শৈশব কেটেছে ব্যাডমিন্টন খেলতে খেলতে। আমি জানি, এই খেলা শারীরিক, মানসিক ও আবেগের দিক থেকে একজন মানুষের জীবন কতটা বদলে দিতে পারে। পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টনের মাধ্যমে আমরা চাই, এই খেলাকে জীবনের এক অঙ্গ করে তুলতে, এমন এক প্রজন্ম তৈরি করতে, যারা হবে আরও সুস্থ, একাগ্র এবং খেলাধুলোর দ্বারা অনুপ্রাণিত।'

তিনি আরও লেখেন, 'পাপা, যারা তোমাকে চেনে, তারা জানে ব্যাডমিন্টনের প্রতি তোমার ভালবাসা কতটা গভীর। এখনও ৭০ বছর বয়সেও আপনি শুধু ব্যাডমিন্টন নিয়েই ভাবেন। খেতে, ঘুমোতে আর ব্যাডমিন্টন খেলতেই থাকেন। আমরা আপনার সেই স্বপ্নকে বাস্তব করে তুলতে চাই। সবার জন্য ব্যাডমিন্টন! শুভ জন্মদিন পাপা!'
অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, PSB তার প্রথম বছরে ভারতের ১৮টি শহরে ৭৫টিরও বেশি ‘গ্রাসরুট’ কোচিং সেন্টার চালু করেছে। এর মধ্যে রয়েছে বেঙ্গালুরু, এনসিআর, মুম্বাই, চেন্নাই, জয়পুর, পুণে, নাসিক, মাইসোর, পানিপথ, দেরাদুন, উদয়পুর, কোয়েম্বাটোর, সাংলি এবং সুরাতের মতো শহর।
PSB-র লক্ষ্য, আগামী ২০২৭ সালের মধ্যে ২৫০টি সেন্টার চালু করে 'ব্যাডমিন্টন ফর অল' অর্থাৎ সবার জন্য ব্যাডমিন্টনের লক্ষ্যপূরণ। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হল, সকল বয়স এবং দক্ষতার মানুষের কাছে গুণগত ও সাশ্রয়ী ব্যাডমিন্টন প্রশিক্ষণ পৌঁছে দেওয়া।
দীপিকা জানান, এই উদ্যোগ তাঁর তরফ থেকে একটি ব্যক্তিগত প্রয়াসও রয়েছে। দেশের মানুষকে আরও স্বাস্থ্যবান, ফিট এবং খেলাধুলোপ্রিয় করে তুলতে চান তিনি। তিনি বলেন, 'PSB-এর মাধ্যমে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে খেলাধুলো কেবল একটি অভ্যাস নয়, বরং এক ধরনের জীবনধারা হয়ে ওঠে।'
দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, যিনি একসময় বিশ্বের এক নম্বর খেলোয়াড় এবং অল-ইংল্যান্ড চ্যাম্পিয়ন ছিলেন, তিনিই PSB-তে পরামর্শদাতা ও গাইড হিসেবে যুক্ত হয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, 'বেড়ে ওঠার এক অপরিহার্য অংশ হল খেলাধুলো। শৃঙ্খলা, সহিষ্ণুতা এবং জয়ের মানসিকতা গড়ে তোলে এই অভ্যেস, যা কোর্টের বাইরেও কাজে লাগে। PSB-এর লক্ষ্য হল প্রতিভা খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং ভবিষ্যতের ভারতীয় ব্যাডমিন্টনের মজবুত ভিত তৈরি করা।'
PSB-র আওতায় ইতিমধ্যেই ১০০ জনেরও বেশি প্রশিক্ষককে একটি সার্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আধুনিক সুযোগ-সুবিধা এবং কাঠামোগত প্রশিক্ষণব্যবস্থা নিশ্চিত করে যে প্রতিটি শিক্ষার্থী সমান মানের কোচিং পাচ্ছে। একইসঙ্গে, প্রতিভা খুঁজে বের করে তাদের লালনপালন করাও সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য।