নাম ‘পিকলবল’ (Pickleball)। অনুষ্কা শর্মার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে গা ঘামালেন কোহলি। আরসিবির এক্স-হ্যান্ডেলে ট্রেনিংয়ের ভিডিও ও ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
শেষ আপডেট: 21 May 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে প্লে-অফের (IPL 2025 Playoff) টিকিট পাকা করে ফেলেছে আরসিবি (RCB)। নিজে ঘরে-বাইরে সমালোচনার ইতি টেনে টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। প্রিয় ফর্ম্যাটকে বিদায় জানিয়ে দিনকয়েক আগে সস্ত্রীক বৃন্দাবন (Vrindavan) যাত্রা করেন। প্রেমানন্দ মহারাজের (Premananda Maharaja) প্রশ্নের জবাবে জানান—তিনি আপাতত ‘প্রসন্ন’।
তুষ্ট বিরাট কোহলি মনকে আরও চাঙ্গা, আরও ফুরফুরে করতে এবার ক্রিকেটের ময়দান ছেড়ে নেমে পড়লেন নয়া কিসিমের খেলায়। বাইশ গজের বদলে ইন্ডোরে, হার্ড কোর্টে। খেলাটা যদিও টেনিস কিংবা ব্যাডমিন্টন নয়। এর নাম ‘পিকলবল’ (Pickleball)। অনুষ্কা শর্মার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে গা ঘামালেন কোহলি। আরসিবির এক্স-হ্যান্ডেলে ট্রেনিংয়ের ভিডিও ও ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Powering through teamwork, RCB Style! 🤌🤩#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 pic.twitter.com/MyEWP1FhpE
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 21, 2025
খেলার সাম্রাজ্যে তুলনায় নবীন এই ‘পিকলবল’। শুরুয়াত আমেরিকায়। সেখান থেকে বাকি বিশ্বে ছড়িয়ে পড়েছে। র্যাকেট বা প্যাডেল স্পোর্টের ক্যাটাগরিতে পড়ে। খেলার ধাঁচ অনেকটা টেনিসের মতো। বল প্যাডেলে মেরে নেটের এপার-ওপার করতে হয়।
১৯৬৫ সালে ওয়াশিংটনের ব্রেনব্রিজ আইল্যান্ডে খেলাচ্ছলেই পিকলবলের যাত্রা শুরু। জোল প্রিটকার্ড নামে এক মার্কিন কূটনীতিক বন্ধুদের সঙ্গে গরমের ছুটি কাটাতে বাগানবাড়ি আসেন। সেখানে এটা-সেটা খেলার ছলে আবিষ্কার করেন পিকলবল।
টেনিসের ডাবলসের সঙ্গে এর বেশ মিল রয়েছে। যদিও স্কোরিং রুল, প্যাডল, বল এবং কোর্ট লাইনের মাপজোক আলাদা। নেটের দু’তরফে ৭ ফুট নন-ভলি জোন। এর অন্য নাম ‘কিচেন’। কোনও খেলোয়াড় সেখানে দাঁড়ালে বল বাউন্স করার আগে মারতে পারবেন না। উল্লেখ্য, বেশ শক্ত প্লাস্টিকের বলে খেলা হয় পিকলবল। তাই টেনিস বলের চাইতে অনেক কম বাউন্স করে। তা ছাড়া সার্ভ করার সময় আন্ডারআর্ম স্ট্রোক বাধ্যতামূলক।
১৯৬৫ সালে আত্মপ্রকাশের পর খুব তাড়াতাড়ি পিকলবল আমেরিকার খেলার মানচিত্রে জায়গা করে নেয়। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে আর কোনও খেলা মার্কিন মুলুকে এত দ্রুত ছড়িয়ে পড়েনি। ইতিমধ্যে ওয়াশিংটনের সরকারি খেলার স্বীকৃতিও লাভ করেছে।