আজ যখন টেস্ট ক্রিকেট—যেটা বিরাটের সবচেয়ে পছন্দের মঞ্চ হিসেবে সুবিদিত—সেখান থেকে অবসর নিয়েই ফেললেন কোহলি, এর আগে গুডবাই জানিয়েছেন টি-২০ ক্রিকেটকে, পড়ে রয়েছে শুধুই ওয়ান ডে, তখন বিরাটের সেই পুরনো স্বীকারোক্তির কথা টেনে আনলেন তাঁর এক সময়ের কোচ তথা কাছের বন্ধু রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী ও বিরাট কোহলি
শেষ আপডেট: 20 May 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: ‘যেদিন সরে যাব, সেদিন সত্যি চলে যাব। আপনারা দীর্ঘ সময়ের জন্য আমায় দেখতে পাবেন না।‘
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) একটি অনুষ্ঠানে কয়েক বছর আগে এমন মন্তব্য করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তখনও অবসরের (Virat Kohli Retirement) সিদ্ধান্ত ঘোষণায় অনুরাগীদের মন আকুল হয়নি। কিন্তু এমন দিনও যে দেখতে হবে—হয়তো খুব শিগগির—যেদিন কোহলি শুধু দেশ কেন, ফ্র্যাঞ্চাইজির জার্সিতেও মাঠে নামবেন না—এটা ভেবেই ভক্তদের মন বিষাদে ভরে উঠেছিল।
আজ যখন টেস্ট ক্রিকেট—যেটা বিরাটের সবচেয়ে পছন্দের মঞ্চ হিসেবে সুবিদিত—সেখান থেকে অবসর নিয়েই ফেললেন কোহলি, এর আগে গুডবাই জানিয়েছেন টি-২০ ক্রিকেটকে, পড়ে রয়েছে শুধুই ওয়ান ডে, তখন বিরাটের সেই পুরনো স্বীকারোক্তির কথা টেনে আনলেন তাঁর এক সময়ের কোচ তথা কাছের বন্ধু রবি শাস্ত্রী। জানালেন, বিরাটের কথাকে স্রেফ মুখের কথা মনে করাটা বোকামি, এটা তাঁর মনের কথা, সত্যি হতে পারে যে কোনওদিন!
শাস্ত্রীর কথায়, ‘আমরা জানি, বিরাট এখনও ওয়ান ডে ক্রিকেট খেলে চলেছে। কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বুঝি, যেদিন ওর ক্রিকেট ফুরোবে, সেদিন এই খেলা থেকে ও চিরকালের জন্য চলে যাবে। বিরাট কোচিং করাতে চাইবে কিংবা ম্যাচ সম্প্রচারের সঙ্গে যুক্ত হবে বলে আমার মনে হয় না।‘ এরপর জুড়ে দেন, ‘ভারত যখন ইংল্যান্ডের ময়দানে প্রথম টেস্ট খেলতে নামবে, আমি বিরাটের অভাব অনুভব করব। ও একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। বিরাটকে এমন একজন ক্রিকেটার হিসেবে মনে রাখব, যে এক ইঞ্চি জমি কোনওদিন ছেড়ে দেয়নি।‘
যদিও রবির মতে এখনও লাল বলের ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারতেন বিরাট। অন্তত দু’বছর তো বটেই। দলে যখন অভিজ্ঞতার একান্ত অভাব। রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থ ছাড়া তেমন কোনও অভিজ্ঞ মুখ নেই, তখন ইংল্যান্ড সিরিজে যেতে পারতেন বিরাট। এমনটাই বক্তব্য শাস্ত্রীর। বলেছেন, ‘ইংল্যান্ড সফরে বিরাটকে দেখতে পেলে খুব খুশি হতাম। ওকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়াটা ভাল আইডিয়া হতে পারত। কিন্তু কেন ও টেস্টকে বিদায় জানাল, সেটা ও নিজে ভাল বলতে পারে। হয়তো মানসিকভাবে বিরাট এতটাই বিধ্বস্ত হয়েছিল, যে কারণে সরে দাঁড়ায়। ওর শরীর এর ঠিকঠাক জবাব দিতে পারবে।‘