তদন্তকারীদের মতে, সম্প্রতি প্রকাশিত এক মিউজিক ভিডিও আগুনে ঘি ঢালার মতো কাজ করে।
.jpeg.webp)
মিউজিক ভিডিওর দশ্য
শেষ আপডেট: 11 July 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: রাধিকা যাদব খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। একদিকে মেয়ের টেনিস অ্যাকাডেমি চালানো ও আর্থিক স্বনির্ভরতা নিয়ে বাবার অস্বস্তি, অন্যদিকে সাম্প্রতিক এক মিউজিক ভিডিওতে তাঁর রোম্যান্টিক দৃশ্যে উপস্থিতি, পরিবারের উপর চাপ বাড়িয়ে তোলে। এমনই দাবি করছে গুরুগ্রাম পুলিশ।
২৫ বছর বয়সি জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় রাধিকাকে বৃহস্পতিবার সকালে গুলি করে খুন করেন তাঁর বাবা দীপক যাদব। গুরুগ্রামের অভিজাত সুশান্ত লোক এলাকায় তাঁদের বাড়ির মধ্যেই গুলিতে ঝাঁঝরা করে দেন। ঘটনার পর দীপককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে, রাধিকা দুই বছর আগে একটি চোট পাওয়ার পর পেশাদার টেনিস থেকে সরে এসে শুরু করেন একটি টেনিস অ্যাকাডেমি। পাশাপাশি ইনস্টাগ্রামে বিভিন্ন রিল বানানো ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাও ছিল তাঁর নিত্য অভ্যাস। এই সমস্ত কিছুই ভাল চোখে দেখছিলেন না তাঁর বাবা।
তদন্তকারীদের মতে, সম্প্রতি প্রকাশিত এক মিউজিক ভিডিও আগুনে ঘি ঢালার মতো কাজ করে। 'কারওয়ান' নামে ওই গানটি গেয়েছেন শিল্পী ইনআম। ভিডিওটি এক বছর আগে প্রকাশিত হয়েছিল এলএলএফ রেকর্ডস-এর ব্যানারে, প্রযোজনা করেছেন জিশান আহমেদ।
ভিডিওতে রাধিকাকে ইনআমের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। পুলিশ অনুমান করছে, এই ভিডিও দেখে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন দীপক। তিনি পুলিশ জানিয়েছেন, গ্রামের লোকেরা তাঁকে মেয়ের রোজগারে বেঁচে থাকা নিয়ে কটাক্ষ করতেন। সেই অপমানও নাকি তিনি মেনে নিতে পারছিলেন না। মেয়েকে বহুবার ইনস্টাগ্রাম থেকে রিল মুছে ফেলতে বলেন। অ্যাকাডেমি বন্ধ করে দিতে বলেন। কিন্তু রাধিকা সে কথা শোনেননি।
ঘটনার দিন, বৃহস্পতিবার সকালে মায়ের জন্মদিন উপলক্ষে রান্না করছিলেন রাধিকা। সেই সময় পিছন থেকে দীপক তাঁর লাইসেন্সপ্রাপ্ত .৩২ বোর রিভলভার থেকে পাঁচ রাউন্ড গুলি চালান। তার মধ্যে তিনটি লাগে রাধিকার গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
রাধিকার মা মঞ্জু যাদব প্রথমে পুলিশকে কিছু বলতে চাননি। পরে জানান, জ্বরে ভুগছেন ক'দিন ধরে, সেসময় নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকা 'প্রেশার কুকার ফেটেছে' ভেবে উঠে আসেন। পরে মেয়ের নিথর দেহ দেখতে পান।
পুলিশ ঘর থেকে খুনে ব্যবহৃত রিভলভার বাজেয়াপ্ত করে। রক্তের দাগ, গুলি এবং ফিঙ্গারপ্রিন্ট নমুনাও সংগ্রহ করা হয়েছে। রাধিকার কাকা কুলদীপ যাদবের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে।
এতদিন জাতীয় স্তরে একাধিক প্রতিযোগিতায় রাজ্য ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন রাধিকা। বহু পদকও জিতেছিলেন। তবে চোটের কারণে কেরিয়ারে বাধা পড়ে। এরপর থেকেই নিজের পরিচিতির নতুন পথ খুঁজছিলেন।