ইংল্যান্ডের পিচ কাউকে ছেড়ে কথা বলে না। অভিজ্ঞ খেলোয়াড়রাও রান তুলতে অতীতে বেগ পেয়েছেন। ফলে সুদর্শনের কঠিন চ্যালেঞ্জ নিয়ে আগেভাগে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত।

সাই সুদর্শন।
শেষ আপডেট: 2 June 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে গুজরাত টাইটানসের জার্নি শেষ। দেশের অধিকাংশ ক্রিকেটার বাড়ি ফিরেছেন। বিদেশি খেলোয়াড়রাও একে একে বিমান ধরছেন।
কিন্তু এতকিছুর মধ্যে ফের ময়দানে নামার প্রস্তুতি নিয়ে চলেছেন সাই সুদর্শন। চলতি আইপিএলের অন্যতম আবিষ্কার৷ সাকুল্যে ৭৫৯ রান। ৫৪-র গড়। স্ট্রাইক রেট ১৫৭ ছুঁই ছুঁই! মারকুটে ব্যাটসম্যানকে এবার নামতে হবে ইংল্যান্ডের মাটিতে, লাল বলের সিরিজে!
টি-২০-র মতো ফিল্ডিং রেস্ট্রিকশন থাকবে না। উইকেটও এক কথায় পেসারদের মৃগয়া! সুইং, সিম সামলানোর জবাব দিতে হবে। পাঁচ টেস্টের সিরিজ জুড়ে ব্যাটসম্যান সুদর্শনের টেকনিক, স্কিলের নিরন্তর পরীক্ষা চলবে।
গুজরাতের তরুণ ওপেনার যদিও ভয় পেতে নারাজ। সাফ জানালেন, আগামী ৪ তারিখ তিনি ইংল্যান্ড উড়ে যাচ্ছেন। যোগ দেবেন এ টিমের সঙ্গে। নামবেন দ্বিতীয় বেসরকারি টেস্টেও। প্রথম ম্যাচে ভারতীয় এ দল খেলেছিল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। ২০ জুন সিরিজের প্রথম টেস্ট, লিডসে। তার আগে নিজেকে পুরোদমে তৈরি রাখতে চান সুদর্শন।
কিন্তু কেন ইংল্যান্ড সফর নিয়ে বাড়তি দুশ্চিন্তা করছেন না? আইপিএল আর ইংল্যান্ড এক নয় জেনেও ভয় ধরছে না কেন? সুদর্শন জানিয়েছেন, কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে অনেক পোক্ত করে তুলেছে!
সুদর্শন বলেন, ‘সাতটা কাউন্টি ম্যাচ খেলেছি। আমার কাছে যা দুর্দান্ত অভিজ্ঞতা। ব্যাটিং উন্নত হয়েছে। টেকনিক, ক্রিকেটের গোড়ার শিক্ষাও ঝালাই করেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বুঝতে পেরেছি, তা হল: ব্যাটিংয়ের সারসত্য হচ্ছে প্রাথমিক বিদ্যা। আমি সেই সমস্ত বিষয়ে সচেতন থাকতে চাই।’
গুজরাত টাইটানসের ব্যাটিংয়ে মুগ্ধ মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মহেলা জয়বর্ধনেও। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যানের মতে, সুদর্শনের স্ট্রোক প্লে, টেকনিক ও স্টান্স তিনটি জিনিসই চমৎকার, প্রায় নিখুঁত। কিন্তু এর পাশাপাশি সতর্কও করে দিয়েছেন তিনি। ইংল্যান্ডের পিচ কাউকে ছেড়ে কথা বলে না। অভিজ্ঞ খেলোয়াড়রাও রান তুলতে অতীতে বেগ পেয়েছেন। ফলে সুদর্শনের কঠিন চ্যালেঞ্জ নিয়ে আগেভাগে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত।