পঞ্চম সেটে দুই প্রতিদ্বন্দ্বীই ক্লান্ত। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে মানসিক দৃঢ়তা দেখিয়ে এগিয়ে শুরু করেন আলকারাজ।

কার্লোস আলকারাজ
শেষ আপডেট: 30 January 2026 15:03
দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নের রড লেভার অ্যারেনায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলল এক রুদ্ধশ্বাস, টানটান লড়াই। যা শেষ পর্যন্ত জিতে নিলেন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। হারালেন আলেকজান্ডার জেরেভকে (Alexander Zverev), ৬-৪, ৭-৬, ৬-৭, ৬-৭, ৭-৫ সেটে। স্কোরলাইনের মতোই নাটকীয় ম্যাচের প্রতিটি মুহূর্ত।
আজ প্রথম দুই সেটে আলকারাজ ছিলেন তুলনামূলক নিয়ন্ত্রিত। বেসলাইন থেকে আগ্রাসী ফোরহ্যান্ড, ড্রপ শট আর নিখুঁত রিটার্নে জেরেভকে চাপে রেখেছিলেন। দ্বিতীয় সেটের টাইব্রেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে নিয়ে স্প্যানিশ তারকা এগিয়ে যান (২-০)।
জেরেভের প্রত্যাবর্তন
তৃতীয় সেট থেকে ম্যাচের রং বদলায়। আলকারাজের চলাফেরায় অস্বস্তি ধরা পড়ে। এক পর্যায়ে মনে হচ্ছিল, হয়তো-বা চোট বা ক্র্যাম্পে ভুগছেন। যাই হোক না কেন, সেই সুযোগ নিতে ভুল করেননি জেরেভ। ম্যাচে ফেরেন। শক্তিশালী সার্ভ আর নিখুঁত গ্রাউন্ডস্ট্রোককে কাজে লাগিয়ে তৃতীয় সেটের টাইব্রেক জেতেন জার্মান তারকা।
চতুর্থ সেটেও জমে ওঠে লড়াই। আলকারাজ বারবার ড্রপ শটে পয়েন্ট তুললেও জেরেভ দমে যাননি। টানা লম্বা র্যালি, গ্যালারির চাপ আর পাঁচ ঘণ্টার যুদ্ধ—সব সামলে আবারও টাইব্রেকে সেট জিতে নেন। স্কোরলাইন তখন ২-২। রড লেভার অ্যারেনায় দর্শকরা বিলক্ষণ বুঝে যান, সামনে আরও বড় নাটক অপেক্ষা করছে।
শেষ সেটে আলকারাজের মানসিক জোর
পঞ্চম সেটে দুই প্রতিদ্বন্দ্বীই ক্লান্ত। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে মানসিক দৃঢ়তা দেখিয়ে এগিয়ে শুরু করেন আলকারাজ। শুরুতে ব্রেক খাওয়ার পরও ভেঙে পড়েননি। বদলে লম্বা র্যালিতে জেরেভকে ঘোরানো, সঠিক সময়ে আক্রমণ—সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজের দিকে টেনে নেন। ৫-৫ অবস্থায় জেরেভের সার্ভ ভাঙতেও ভুল এতটুকু ভুল হয়নি। যার সুবাদে শেষ গেমে ঠান্ডা মাথায় সার্ভ ধরে রেখে নিশ্চিত করেন জয়। পাঁচ ঘণ্টার মহাযুদ্ধের শেষে গ্যালারিতে উচ্ছ্বাস, আর কোর্টে ক্লান্ত কিন্তু হার-না-মানা আলকারাজ।
এই জয়ের সৌজন্যে চলতি অস্ট্রেলিয়ান ওপেনর (Australian Open) ফাইনালে পৌঁছে গেলেন বিশ্বের এক নম্বর। আর জেরেভ? দুর্দান্ত লড়াই করেও স্বপ্ন ভাঙল আরও একবার।