ডি গুকেশ
শেষ আপডেট: 17 December 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: যেমন কথা তেমন কাজ। ভয়কে জয় করে ফের সাড়া ফেললেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ (D Gukesh)। বিশ্ব দাবায় আগেই নয়া ইতিহাস গড়েছেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি হয়ে উঠেছেন সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। জানা যাচ্ছে, ঐতিহাসিক জয় উদযাপন করতে অসাধ্যসাধন করেছেন তিনি।
১৮ বছর বয়সি গুকেশ তাঁর ট্রেনারকে কথা দিয়েছিলেন তিনি চিনের ডিং লিরেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলে তিনি বাঞ্জি জাম্পিং করবেন। যদিও উচ্চতায় চূড়ান্ত ভয় থাকা সত্ত্বেও সিঙ্গাপুর ছাড়ার আগে স্যারকে দেওয়া কথা রেখেছেন তিনি।
বিশ্ব চ্যাম্পিয়নের ভয়কে জয় করার কথা এখন সবার মুখে মুখে। গুকেশ নিজের সাফল্যের ছবি সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। জানা গেছে সিঙ্গাপুরের স্কাইপার্ক সেন্টোসায় ঘুরতে গিয়ে তিনি প্রথম বাঞ্জি জাম্প করেন।
এক্স হ্যান্ডেলে গুকেশ সোমবার সিঙ্গাপুরে বাঞ্জি জাম্পিং করার একটি ভিডিও শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, "আমি এটা করেছি!" ক্লিপটিতে শোনা যাচ্ছে ১৮ বছর বয়সিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রথমবার বাঞ্জি জাম্পে যাওয়ার বিষয়ে কেমন অভিজ্ঞতা? তিনি বলেন, আমি অত্যন্ত ভয় পেয়েছিলাম। কিন্তু আমি নতুন অভিজ্ঞতার জন্য প্রচণ্ড অত্যন্ত উতসাহিত ছিলাম।
I did it! pic.twitter.com/FUBpo5m82N
— Gukesh D (@DGukesh) December 16, 2024
গত বৃহস্পতিবারই সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১৪তম এবং নির্ণায়ক গেমে বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে এই মুকুট অর্জন করেছেন গুকেশ (D Gukesh)। ডিং লিরেনের সঙ্গে ফাইনাল ম্যাচে ৬.৫-৬.৫ পয়েন্টে সমতা আনেন গুকেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ১৪তম গেমে ডিং লিরেন সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন।
তবে খেলার ৫৩তম চালের সময় ডিং একটি গুরুতর ভুল করেন। সেই মুহূর্তে গুকেশের নির্ভীক সিদ্ধান্ত ও চাপে ফেলার কৌশলে কেল্লাফতে করেন। পিছিয়ে থাকা ডিং শেষমেশ চাপ সামলাতে না পেরে হার মানেন।
এই জয়ে গুকেশ (D Gukesh) হয়ে উঠলেন বিশ্ব দাবার ১৮তম চ্যাম্পিয়ন এবং সর্বকনিষ্ঠ অবিসংবাদিত বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।