পিভি সিন্ধু ছিটকে যাওয়ার পর এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র আশার আলো উন্নতি হুডা। শেষ ষোলোর লড়াইয়ে আজ সামনে জাপানের তোমোকা মিয়াজাকি। কখন এবং কোথায় দেখবেন এই হাই-ভোল্টেজ ম্যাচ? বিস্তারিত পড়ুন।

উন্নতি হুডা
শেষ আপডেট: 9 April 2026 14:33
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ব্যাডমিন্টনের মঞ্চে কি পালাবদল আসন্ন? পিভি সিন্ধুর (PV Sindhu) পর আলো কি একেবারে অন্য দিকে ঘুরে গিয়েছে? জবাব যাই হোক না কেন, সবাই একবাক্যে মেনে নিচ্ছেন, প্রাক্তন চ্যাম্পিয়নের বিদায়ী আভা গায়ে মেখেই উঠে আসছেন উন্নতি হুডা (Unnati Hooda)। আজ এশিয়া চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় তাঁর সামনে জাপানের তোমোকা মিয়াজাকি (Tomoka Miyazaki)। খেলা শুরুর সময়—দুপুর ১টা ৪৫ (IST)।
চলতি টুর্নামেন্টে ভারতের সবচেয়ে বড় ধাক্কা—সিন্ধুর বিদায়। রাউন্ড অফ ১৬-তে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। ফলে মেয়েদের বিভাগে এখন একমাত্র ভরসা উন্নতি। মাত্র ১৮ বছর বয়স। তবু তাঁর কাঁধে দেশের যাবতীয় প্রত্যাশা। পরিস্থিতি নতুন নয়, কিন্তু নিঃসন্দেহে কঠিন।
শেষ ম্যাচটাই বুঝিয়ে দিয়েছে উন্নতির মানসিকতা। থাইল্যান্ডের সুপানিদা কাতেথংকে (Supanida Katethong) হারিয়েছেন ৭২ মিনিটের লড়াইয়ে। প্রথম গেমে ১৯-১২ এগিয়েও হেরে যান। ৪টি গেম পয়েন্ট নষ্ট। সেখান থেকে ঘুরে দাঁড়ানো—এটাই আসল গল্প। ২১-৮, ২১-১৮—পরের দুই গেমে দাপট। শুধু জয় নয়। ধৈর্য, ফিটনেস আর মানসিক শক্তির পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ উন্নতি।
উন্নতির খেলায় চকচকে শট কম। কিন্তু ভরপুর শৃঙ্খলা। লম্বা র্যালিতে স্বচ্ছন্দ। ডিফেন্স শক্ত। ভুল বেশ কম করেন। খালি চোখে খেলার ধাঁচ ‘বোরিং’। যে কোনও শাটলারের পক্ষে এই কৌশল মেলে ধরা কঠিন চ্যালেঞ্জ। উন্নতি এই বোরিং গেমেই সিদ্ধহস্ত। আর এই বিশেষ স্টাইল তাঁকে বাকিদের থেকে আলাদা করছে।
আজকের লড়াই চিনের কোর্টে। উন্নতির আত্মবিশ্বাস স্পষ্ট। গত বছরও এখানে বড় জয় পেয়েছিলেন। সামনে মিয়াজাকি। জাপানের তরুণ প্রতিভা। ভবিষ্যতের লড়াইয়ের সলতে পাকানো শুরু? মেনে নিচ্ছে ব্যাডমিন্টন বিশেষজ্ঞদের অনেকে। সব মিলিয়ে এই ম্যাচটা শুধু রাউন্ড অফ ১৬ নয়। ভবিষ্যতের দুই তারকার সম্মুখ-সমরও বটে। দু’জনেরই বয়স কম। সামনে লম্বা কেরিয়ার। এই মুহূর্তে উন্নতি ফর্মের তুঙ্গে। আর এহেন ধারাবাহিকতা তাঁকে এগিয়ে রাখছে।
ম্যাচ সরাসরি দেখা যাবে ব্যাডমিন্টন এশিয়ার ইউটিউব চ্যানেলে। লাইভ স্কোর টুর্নামেন্ট সফটওয়্যার বা অলিম্পিকস ডট কমে (Olympics.com)।