মারিনের কথায়, চোট তাঁর জার্নি থমকে দিয়েছে। কিন্তু পরিবর্তে তিনি যা দিয়ে গিয়েছেন—তিনটি বিশ্বশিরোপা, একটি অলিম্পিক সোনা, দুটো বড় অস্ত্রোপচারের পর দুবার মাঠে ফেরা—সেটা কেউ কেড়ে নিতে পারবে না।

ক্যারোলিনা মারিন
শেষ আপডেট: 27 March 2026 12:54
দ্য ওয়াল ব্যুরো: ‘আমার যাত্রা এখানেই শেষ’। সোশ্যাল মিডিয়ায় এই শিরোনামে ভিডিও-বার্তা পোস্ট করলেন ক্যারোলিনা মারিন (Carolina Marin)। খানিক অপ্রত্যাশিতভাবে স্পেনের ব্যাডমিন্টন কিংবদন্তি ঘোষণা করলেন অবসর। বয়স মাত্র ৩২। কিন্তু হাঁটুর পুরনো চোট আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দিল না। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন, অলিম্পিক গোল্ড মেডেলিস্টের কেরিয়ার থমকে দিল নিয়মিত চোট-আঘাত।
‘শেষটা অন্যরকম হওয়ার কথা ছিল’
মারিনের পরিকল্পনা ছিল নিজের শহর হুয়েলভায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষবার কোর্টে নামবেন। ঘরের মাঠে বিদায়—স্বপ্নের উপসংহার! কিন্তু হাঁটু সায় দিল না। বললেন, ‘শেষবারের মতো কোর্টে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু শরীরকে ঝুঁকিতে ফেলতে চাই না। অনেকবার এই কথা বলেছি, আজ সেই সিদ্ধান্তে অটল থাকলাম!’ যোগ করলেন এমন একটা কথা, যা পড়ে সমর্থকদের মন বিষণ্ণ হতে বাধ্য—‘আসলে আমি ২০২৪ সালে প্যারিসেই অবসর নিয়েছিলাম। শুধু তখন জানতাম না!’ আগামী দিনে মারিন হুয়েলভায় যাবেন। তবে র্যাকেট ছাড়া, খালি হাতে, দর্শক হিসেবে… নিজের বেড়ে ওঠার শহরকে ভালোবাসা ফিরিয়ে দিতে!
যে কেরিয়ার কিংবদন্তির মর্যাদা দিয়েছে
মারিনের অর্জনের তালিকা ছোট নয়। ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপ (BWF World Championships) জিতেছেন। সাতবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। কেকের উপর চেরির মতো সাজানো ২০১৬ রিও অলিম্পিক্সে (Rio Olympics 2016) সোনার মেডেল।
কিন্তু এই সাফল্যের পিছুপিছু তাড়া করেছে আঘাতের দুঃস্বপ্ন। ২০১৯ ও ২০২১ সালে দুবার অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়েছে। দুবারই ফিরে এসেছেন। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রত্যাবর্তন এই গ্র্যান্ড মঞ্চে শেষ উপস্থিতি।
ভারতের পিভি সিন্ধুর (PV Sindhu) সঙ্গে তাঁর দ্বৈরথ ব্যাডমিন্টন ভক্তদের কাছে বিশেষভাবে স্মরণীয়। ২০১৬ রিও ফাইনাল ও ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নশিপে সিন্ধুকে হারিয়েছিলেন মারিন। দুটো ম্যাচই রুদ্ধশ্বাস, নাটকীয়।
ব্যাডমিন্টন দুনিয়ার শ্রদ্ধা
মারিনের অবসরের ঘোষণা সামনে আসতেই প্রতিক্রিয়ার ঢল। ভিক্টর অ্যাক্সেলসেন (Viktor Axelsen), চিরাগ শেট্টি (Chirag Shetty)—ব্যাডমিন্টনের অনেক বড় বড় তারকা ভিডিওতে মন্তব্য করেছেন। কুর্নিশ জানিয়েছেন। মারিনের কথায়, চোট তাঁর জার্নি থমকে দিয়েছে। কিন্তু পরিবর্তে তিনি যা দিয়ে গিয়েছেন—তিনটি বিশ্বশিরোপা, একটি অলিম্পিক সোনা, দুটো বড় অস্ত্রোপচারের পর দুবার মাঠে ফেরা—সেটা কেউ কেড়ে নিতে পারবে না।