৬১ বছর পর ইতিহাস গড়ার হাতছানি! ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিনের শি ইউ কি-র মুখোমুখি ভারতের আয়ুষ শেট্টি। বিশ্ব এক নম্বরকে হারিয়ে ফাইনালে ওঠা আয়ুষের ম্যাচ কবে, কখন এবং কোথায় দেখবেন? বিস্তারিত পড়ুন।

আয়ুষ শেট্টি
শেষ আপডেট: 12 April 2026 13:32
দ্য ওয়াল ব্যুরো: ১৯৬৫ সালে দীনেশ খান্না ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে একক শিরোপা জেতেন। তারপর কেটে গিয়েছে ৬১ বছর—কোনও ভারতীয় শাটলার সেই মুকুট ছুঁতে পারেননি। আজ, রবিবার, চিনের নিংবোয় সেই ইতিহাস বদলানোর সুযোগ। ২০ বছরের আয়ুষ শেট্টি (Ayush Shetty) ফাইনালে মুখোমুখি হবেন চিনের প্রতিদ্বন্দ্বী, বিশ্বের দু’নম্বর শি ইউ কি-র (Shi Yu Qi)।
এক নম্বরকে কীভাবে হারালেন?
সেমিফাইনালে আয়ুষের প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্ন। ক্রমতালিকার এক নম্বর শাটলার। প্রথম গেম একচেটিয়া—১০-২১-এ উড়ে যান আয়ুষ। মনে হচ্ছিল আশা শেষ। নতমুখেই মঞ্চ ছাড়তে হবে। কিন্তু তারপর যা হল, এককথায় একে বলা যেতে পারে নজিরবিহীন কামব্যাক। দ্বিতীয় গেমে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এলেন আয়ুষ—রক্ষণে পোক্ত, আক্রমণে ধারালো। জিতলেন দাপট দেখিয়ে (২১-১৯)। তৃতীয় গেমে ১৭-১৭-এ চার পয়েন্ট ছিনিয়ে নিলেন—নিচের দিকে লড়াই খতম করলেন শার্প স্ম্যাশে (২১-১৭)। কোচ বিমল কুমার ছাত্রের প্রত্যাবর্তনে আপ্লুত। তাঁর কথায়, ‘আয়ুষ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অসাধারণভাবে সামলেছে। কুনলাভুতের মাথার ভেতর ঢুকে গিয়েছিল ও!’
সিন্ধুর চোখে ‘প্রজন্মের সেরা প্রতিভা’
পিভি সিন্ধু (PV Sindhu) গত তিন সপ্তাহ ধরে আয়ুষের সঙ্গে বেঙ্গালুরুর সেন্টার ফর এক্সেলেন্সে একই গ্রুপে অনুশীলন করছেন। তিনি লেখেন, ‘আমি সবসময় বলেছি, ও প্রজন্মের প্রতিভা। উচ্চতা, জোরালো স্ম্যাশ, রক্ষণের প্রবৃত্তি—এগুলো স্বাভাবিক প্রতিভার ছাপ। গত তিন সপ্তাহে ওর মানসিকতা দেখে বিশ্বাস আরও দৃঢ় হয়েছে!’ কর্নাটকের কারকালা থেকে আসা এই ছয় ফুট চার ইঞ্চির শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনের ভক্ত। আইডলের মতোই লম্বা লিভারে ভারী স্ম্যাশ আয়ুষের প্রধান অস্ত্র।
টুর্নামেন্টে পথচলা
দুনিয়ার ৭ নম্বর লি শি ফেংকে সরাসরি গেমে হারানো দিয়ে শুরু। কোয়ার্টারে পরাস্ত ৪ নম্বর জোনাথান ক্রিস্টি। সেমিতে হারালেন শীর্ষ বাছাইকে। একের পর এক বড় তারকাদের দুমড়ে দিয়েছেন আয়ুষ শেট্টি। ফাইনালে সামনে শি ইউ কি। যাঁর বিরুদ্ধে রেকর্ড ০-২। জানুয়ারিতে মালয়েশিয়া ওপেনে তিন গেম পর্যন্ত টেনেছিলেন। আজ অবশ্যই এই খতিয়ান বদলাতে চাইবেন তরুণ শাটলার।
ফাইনাল শুরু ভারতীয় সময় দুপুর ১টায়। ব্যাডমিন্টন এশিয়ার ফেসবুক ও ইউটিউবে সরাসরি দেখা যাবে।