প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের জন্যও অঙ্কটা কম নয়। মেন ড্র–এর প্রথম রাউন্ডেই বিদায় নিলে মিলবে ১.৫ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৮২.৫ লক্ষ টাকা।

ইয়ানিক সিনার
শেষ আপডেট: 6 January 2026 12:24
দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে টাকার অঙ্কটা এবার সত্যিই আকাশছোঁয়া। অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) অংশ নেওয়া খেলোয়াড়রা কোর্টে নামবেন সর্বকালের সর্বোচ্চ পুরস্কারমূল্যের জন্য। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এ বছর মোট প্রাইজ মানি বেড়ে দাঁড়িয়েছে ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৬,১৩০ কোটি টাকা—গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।
পুরুষ ও মহিলা সিঙ্গলস—দুই বিভাগেই চ্যাম্পিয়ন পাবেন ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় হিসেবে প্রায় ২২৮ কোটি টাকা। গতবার যেখানে এই অঙ্ক ছিল প্রায় ১৯৩ কোটি টাকা, সেখানে এবার বৃদ্ধি প্রায় ১৯ শতাংশ।
প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের জন্যও অঙ্কটা কম নয়। মেন ড্র–এর প্রথম রাউন্ডেই বিদায় নিলে মিলবে ১.৫ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৮২.৫ লক্ষ টাকা। এমনকি কোয়ালিফায়িংয়ের প্রথম রাউন্ডে বাদ পড়লেও খেলোয়াড়রা পাবেন ৪০,৫০০ অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ প্রায় ২২ লক্ষ টাকা।
টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টাইলে (Craig Tiley) জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য পেশাদার টেনিসকে সব স্তরে টেকসই রাখা। তাঁর বক্তব্য, ‘২০২৩ সালের পর থেকে কোয়ালিফায়িংয়ের প্রাইজ মানি ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে। শুধু চ্যাম্পিয়ন নয়, উঠতি খেলোয়াড়দের কেরিয়ার টিকিয়ে রাখাটাও আমাদের দায়িত্ব!’ টাইলে আরও যোগ করেন, টেনিস অস্ট্রেলিয়া (Tennis Australia) বিশ্বাস করে—সব স্তরের খেলোয়াড়কে আর্থিক নিরাপত্তা দিলে প্রতিযোগিতা বাড়বে, ট্যালেন্ট পুল গভীর হবে এবং দর্শকরাও আরও ভালো লড়াই দেখবেন।
১৮ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে (Melbourne Park) শুরু হচ্ছে এবারের টুর্নামেন্ট। পুরুষদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার (Jannik Sinner) এবং মহিলাদের বিভাগে ম্যাডিসন কিস (Madison Keys) নামবেন খেতাব রক্ষার লড়াইয়ে।