ম্যাচ যতই একপেশে হোক না কেন, বিনোদন জোগাল গ্যালারির কাণ্ড! ম্যাচ চলাকালীন দর্শক মহল থেকে ভেসে আসে—‘আমার মেয়েকে বিয়ে করো’, ‘আমার বোনকে বিয়ে করো’, এমনকি সরাসরি ‘আমাকেই বিয়ে করো’—গোছের প্রস্তাব!

কার্লোস আলকারাজ
শেষ আপডেট: 25 January 2026 14:39
দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নের রোদে আবারও স্বভাবোচিত আধিপত্য দেখালেন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) চতুর্থ রাউন্ডে আমেরিকার টমি পলকে (Tommy Paul) স্ট্রেট সেটে হারিয়ে অনায়াসে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। তবে ম্যাচের টানটান লড়াইয়ের মধ্যে গ্যালারির নজর কাড়ল ‘বিচিত্র’ কারণ—আলকারাজকে ঘিরে একের পর এক ‘বিয়ের প্রস্তাব’!
কোর্টে নিয়ন্ত্রণ, স্কোরলাইনে দাপট
রড লেভার অ্যারেনায় (Rod Laver Arena) রবিবার ৭-৬(৬), ৬-৪, ৭-৫ ব্যবধানে লড়াই জিতলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। প্রথম সেটেই যতটুকু লড়াই। টাইব্রেকারে যাওয়ার পর গ্যালারিতে হঠাৎ এক দর্শকের অসুস্থ হয়ে পড়ায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে গুরুত্বপূর্ণ মুহূর্তে ডাবল ফল্ট করে বসেন পল, আর সেই সুযোগে সেট নিজের দখলে নেন আলকারাজ। এরপরে আর নাটক জমেনি। সার্ভিসে ধারাবাহিক, রিটার্নে চাপ—একটি করে ব্রেকই যথেষ্ট ছিল ম্যাচ শেষ করে দেওয়ার জন্য।
বিবাহপ্রস্তাব আর শার্ট বদলের মুহূর্ত
ম্যাচ যতই একপেশে হোক না কেন, বিনোদন জোগাল গ্যালারির কাণ্ড! ম্যাচ চলাকালীন দর্শক মহল থেকে ভেসে আসে—‘আমার মেয়েকে বিয়ে করো’, ‘আমার বোনকে বিয়ে করো’, এমনকি সরাসরি ‘আমাকেই বিয়ে করো’—গোছের প্রস্তাব! আলকারাজ অবশ্য এতটুকু বিড়ম্বিত না হয়ে হাসিমুখে সে সব উপভোগ করেন। খেলা শেষে কোর্টে শার্ট বদলানোর সময় চিৎকার আরও বাড়ে। সাক্ষাৎকারে বিষয়টা উঠতেই আলকারাজ হেসে বলেন, ‘আমি শুধু আরাম পেতে শার্ট বদলাই। মানুষ যদি এটা পছন্দ করে, তাতে আমার আপত্তি নেই।’
Raining proposals for @carlosalcaraz 😂💍 pic.twitter.com/ojeEBfsZSo
— #AusOpen (@AustralianOpen) January 25, 2026
কোয়ার্টারে চোখ, আত্মবিশ্বাস তুঙ্গে
এই জয়ের ফলে টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন আলকারাজ। পরের ম্যাচে প্রতিপক্ষ হতে পারেন অ্যালেক্স ডি মিনাউর (Alex de Minaur) অথবা আলেকজান্ডার বুবলিক (Alexander Bublik)। ফর্ম, আত্মবিশ্বাস আর দর্শকদের সমর্থন—সবই এখন তাঁর পক্ষে। মেলবোর্নে তাই প্রশ্ন একটাই—এই ছন্দে থাকলে, আলকারাজকে থামাবে কে?