এশিয়া কাপে ভারতের আধিপত্য অটুট। ৮টি শিরোপা জয় থেকে রানের ব্যবধানে সর্বোচ্চ জয়ের নজির—দেখে নিন ভারতের সেই ৫ রেকর্ড, যা ভাঙা কঠিন।

এশিয়া কাপ
শেষ আপডেট: 5 September 2025 00:02
দ্য ওয়াল ব্যুরো: চার দশকেরও বেশি সময় ধরে এশিয়া কাপ ক্রিকেটপ্রেমীদের কাছে এক বিশেষ আবেগের নাম। ১৯৮৪ সালে সূচনা হওয়ার পর থেকে টুর্নামেন্টটি আজ এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণের অন্যতম মঞ্চ হয়ে উঠেছে। আর এই প্রতিযোগিতার ইতিহাসে ভারতের নাম জ্বলজ্বল করছে সবচেয়ে উজ্জ্বল অক্ষরে। ৮ বার ট্রফি জেতা টিম ইন্ডিয়ার রেকর্ড এখনও পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী। শ্রীলঙ্কা ৬ বার ও পাকিস্তান মাত্র ২ বার এশিয়া সেরা হয়েছে। এবার দেখে নেওয়া যাক এশিয়া কাপে ভারতের সেই ৫টি কীর্তি, যেগুলো ভাঙা কার্যত অসম্ভব।
১. সবচেয়ে বেশি শিরোপা
এশিয়া কাপে ১১টি ফাইনালে পৌঁছে ৮ বার শিরোপা জিতেছে ভারত। শুধু সংখ্যার বিচারে নয়, ধারাবাহিকতা আর দাপটের দিক থেকেও এই রেকর্ড অতুলনীয়। শ্রীলঙ্কা কাছাকাছি এলেও (৬ বার জয়), ভারতের আধিপত্য এখনও ধরাছোঁয়ার বাইরে।
২. রানের ব্যবধানে সর্বোচ্চ জয়
২০০৮ সালে হংকংয়ের বিরুদ্ধে ২৫৬ রানের বিশাল জয়ের রেকর্ড এখনও ভারতের দখলে। ১৭ বছর কেটে গেলেও এই জয় অদ্বিতীয়ই রয়ে গেছে।
৩. টানা তিনবার এশিয়া কাপ জয়
১৯৮৮, ১৯৯০/৯১ ও ১৯৯৫— টানা তিনবার এশিয়া কাপ জয়ের একমাত্র নজির ভারতের। শ্রীলঙ্কা একাধিকবার টানা ২ বার শিরোপা জিতলেও হ্যাটট্রিকের মুকুট তাদের মাথায় ওঠেনি।
৪. দ্রুততম ফাইনাল জয়
২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে গুটিয়ে দেয় ভারত। লক্ষ্য তাড়া করতে লাগে মাত্র ৩৭ বল! এশিয়া কাপের ফাইনালে এত দ্রুত জয়ের রেকর্ড আগে কখনও হয়নি।
৫. সবচেয়ে বেশি ছক্কার মালিক রোহিত
এশিয়া কাপের ইতিহাসে কোনও ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও ভারতীয়দের দখলে। রোহিত শর্মা ওয়ান ডে ফরম্যাটে মোট ২৮টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে। এশিয়ার আর কোনও ব্যাটার এখনও পর্যন্ত ১০-ছক্কার গণ্ডিও টপকাতে পারেননি।