বিসিসিআই কর্মকর্তাদের তত্ত্বাবধানে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিরাট কোহলি। লন্ডনে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য কোহলি বিসিসিআইয়ের কাছে অনুমতি চেয়েছিলেন।

বিরাট কোহলি
শেষ আপডেট: 4 September 2025 20:07
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলিও (Virat Kohli) বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় (BCCI, Fitness Test) উত্তীর্ণ হয়েছেন। তবে টিম ইন্ডিয়ার বাকি সদস্যদের ফিটনেস টেস্ট বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অব এক্সলেন্সে হলেও বিরাটের হয়েছে লন্ডনে (London)।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, বিসিসিআই কর্মকর্তাদের তত্ত্বাবধানে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিরাট কোহলি। লন্ডনে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য কোহলি বিসিসিআইয়ের কাছে অনুমতি চেয়েছিলেন। পরীক্ষাটি বিসিসিআইয়ের ফিজিওথেরাপিস্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের তত্ত্বাবধানে করা হয়েছিল।
বিরাটের আগে, ৩৮ বছর বয়সি রোহিত শর্মা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি ইয়ো-ইয়োর সঙ্গে ব্রঙ্কো পরীক্ষাও সম্পন্ন করেছিলেন।
তবে বাকিদের বেঙ্গালুরুতে হলেও, লন্ডনে কেন বিরাট কোহলির ফিটনেস পরীক্ষা নেওয়া হল সেই নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করে দিয়েছে। উল্লেখ্য, ২৯ আগস্ট ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়রা বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্স (CoE) বেঙ্গালুরুতে তাঁদের ফিটনেস পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন। লন্ডনে কোহলির পরীক্ষা দেওয়ার পর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছেন। ক্রিকেটপ্রেমীরা বলছেন, অন্যান্য খেলোয়াড়দের মতো কোহলিরও বেঙ্গালুরুতে পরীক্ষা দেওয়া উচিত ছিল।
বিরাট কোহলি বর্তমানে ইংল্যান্ডে তাঁর পরিবারের সঙ্গে থাকেন এবং সেখানে অনুশীলন করছেন। তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির আগে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। এর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর, তিনি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা ক্রিকেটের এই ফরম্যাটকে আলবিদা জানান।
রোহিত এবং বিরাট টিম ইন্ডিয়ার হয়ে কেবল ওয়ানডে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁরা ভারতীয় দলের অংশ হতে পারেন।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রাক-মরশুম ফিটনেস পরীক্ষায় ভারতের এশিয়া কাপের খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন। সহ-অধিনায়ক শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুরও তাঁদের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
বিসিসিআই সেপ্টেম্বরে দ্বিতীয় ধাপের ফিটনেস পরীক্ষার সময়সূচী নির্ধারণ করেছে, যেখানে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ এবং নীতীশ রেড্ডির মতো খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করা হবে।