এশিয়ান ফুটবল কনফেডারেশন এর পিছনে কারণ হিসাবে উল্লেখ করেছে, মাঠের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কারণ।

কান্তিরাভা স্টেডিয়াম
শেষ আপডেট: 4 September 2025 18:11
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের পর এবার ফুটবলেরও আন্তর্জাতিক ম্যাচ সরল বেঙ্গালুরুর থেকে। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবির ভিকট্রি সেলিব্রেশনের দিন পদদলিত হওয়ার ঘটনার পর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরে গিয়েছে মহিলা ওডিআই বিশ্বকাপের ম্যাচ। এর পিছনে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছিল চিন্নাস্বামীতে নিরপত্তা কাঠামো উপযুক্ত নয় ও অব্যবস্থা রয়েছে। এবার এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ারের (AFC Asian Cup 2027 Qualifier) ভারত-সিঙ্গাপুর (India vs Singapore) ম্যাচও সরিয়ে দেওয়া হল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম (Kantirava Stadium Bengaluru) থেকে।
খালিদ জামিলের ছাত্ররা অক্টোবরে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিরুদ্ধে। প্রথমে ভারত যাবে সিঙ্গাপুরে। সেখানে ৯ অক্টোবর মুখোমুখি হবে দুই দল। এরপর ১৪ অক্টোবর বেঙ্গালুরুতে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই দেশের। এবার এএফসি জানিয়ে দিল, কান্তিরাভায় নয়, ম্যাচটি হবে গোয়ার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (JLN Stadium Goa)। এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) এর পিছনে কারণ হিসাবে উল্লেখ করেছে, মাঠের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কারণ।
এএফসি জানিয়েছে, “কান্তিরাভার মাঠের অবস্থা ভাল নয়। পাশাপাশি আরও অনেক কারণ রয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পক্ষে অনুকূল নয়। বেঙ্গালুরু এফসি সাধারণত তাদের হোম ম্যাচের জন্য (আইএসএল) স্টেডিয়ামের দায়িত্ব নেয়। কিন্তু ক্লাবের কার্যক্রম স্থগিত থাকায়, ভেন্যুটি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। স্টেডিয়ামে একচেটিয়া প্রবেশাধিকারও অন্যতম সমস্যা।”
তবে এএফসির এই সিদ্ধান্তে মোটেও খুশি নয়, সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ (AIFF)। কিন্তু তাদের কাছে অন্য কোনও সুযোগও নেই এএফসির সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া। এই প্রসঙ্গে কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের (KSFA) সভাপতি তথা ফেডারেশনের সহ-সভাপতি এনএ হ্যারিস বলেন, “কান্তিরাভা স্টেডিয়ামে শুধুমাত্র ফুটবল নয়, অ্যাথলেটিক্স-সহ বহু খেলা হয়। ফলে মাঠকে ভাল অবস্থায় রাখতে সময় প্রয়োজন। এই ম্যাচটি আমাদের হঠাৎই দেওয়া হয়েছিল। আমরা খুবই দুঃখিত যে, ম্যাচটি অন্যত্র চলে যাচ্ছে। বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে ছিল না।” পাশাপাশি তিনি আশ্বাস দেন বেঙ্গালুরুতে দ্রুতই একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা হবে।
সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ দু’টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্লু টাইগার্সের কাছে। একটি ম্যাচে পতন মানেই যোগ্যতাঅর্জন পর্ব থেকে ছিটকে যাওয়া। প্রথম দু’টি ম্যাচের একটিতে ড্র (বাংলাদেশের বিপক্ষে) এবং অপরটিতে হেরেছে ভারত। সেই দুই ম্যাচের কোচ ছিলেন মানালো মার্কুয়েজ। শেষ অ্যাওয়ে কোয়ালিফাইং ম্যাচে হংকংয়ের কাছে হেরে গিয়েছিল ভারত। এখন অবশ্য মানালো জমানা শেষ। দলের দায়িত্ব খালিদ জামিলের হাতে। মাত্র এক পয়েন্ট নিয়ে ভারত গ্রুপ এইচ-এ পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।