এই স্বীকারোক্তিই একমাত্র নয়। সম্প্রতি ‘স্ল্যাপগেট’ কাণ্ডের পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ্যে এনে বিতর্ক জড়িয়েছেন ললিত।

ললিত মোদী
শেষ আপডেট: 4 September 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট ইতিহাসে এমন রাত খুব একটা এসেছে কি? ২০০৮–এর এপ্রিল-সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বলিউডি ঝলক আর ব্র্যান্ডিংয়ের ঝিলিককে সামনে রেখে আত্মপ্রকাশ করে আইপিএল! রানের ফোয়ারা ওঠে। সেঞ্চুরির তুবড়ি ওড়ে। উইকেট যায় ছিটকে।
কিন্তু টুর্নামেন্টের জন্মলগ্নের আলো–ঝলমলে রাতটা যে শুধুই ক্রিকেট ছিল না, আড়ালে চলেছে অনেক অঙ্ক, সেটাই ফের মনে করালেন প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi)। তদানীন্তন আইপিএল বস চমকে দেওয়া স্বীকারোক্তির সুরে বলেছেন—‘প্রথম ম্যাচের দিন বইয়ের সব নিয়ম ভেঙেছিলাম!’ তাঁর দাবি, প্রথম ম্যাচের সূত্রেই নির্ভর করছিল গোটা আইপিএলের ভবিষ্যৎ। অথচ উদ্বোধনী মরশুমের ব্রডকাস্ট পার্টনার সনি নেটওয়ার্কের (Sony Network) উচ্চাশা আর সক্ষমতা নিয়ে তখন সন্দেহ ছিল তাঁর। তাই তিনি একেবারে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন।
কী সেই সিদ্ধান্ত? মোদীর কথায়, ‘চুক্তি হয়েছিল সনির সঙ্গে। কিন্তু ওদের নাগাল কম। আমি বললাম, সিগন্যাল খোলো। এখন এটা সবার জন্য উন্মুক্ত। সব চ্যানেল, সব নিউজ চ্যানেল… সবাই লাইভ দেখাও!’ মাইকেল ক্লার্ককে (Michael Clarke) দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এভাবেই নিয়মভঙ্গের কথা বুক ঢুকে জানিয়েছেন ললিত।
এত বড় সিদ্ধান্ত নিতে ভয় করেনি? মোদী অকপটে বলেন, ‘সবকিছু… সবকিছু নির্ভর করছিল ওই একটি ম্যাচের উপর। আমি জানতাম, যদি প্রথম লড়াই ফ্লপ হয়, আমি শেষ। সনি বলল, ‘আমি তোমার নামে কেস করব।’আমি বললাম, ‘পরে কোরো, এখন ভুলে যাও। আমরা লাইভে যাচ্ছি!’’ তাঁর দরকার ছিল সর্বোচ্চ নাগাল। দেশের প্রতিটি দর্শককে প্রথম ম্যাচে টানতে পারলে তবেই বাঁচবে টুর্নামেন্ট। আর সেই কারণেই ছকভাঙা, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত—স্পষ্ট করে দিয়েছেন ললিত।
তবে এই স্বীকারোক্তিই একমাত্র নয়। সম্প্রতি ‘স্ল্যাপগেট’ কাণ্ডের পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ্যে এনে বিতর্ক জড়িয়েছেন। ২০০৮ সালের আইপিএলে মাঠে হরভজন সিং (Harbhajan Singh) শ্রীসন্থকে (S Sreesanth) চড় কষান। ললিতের পোস্ট করা সেই পুরনো এক্সক্লুসিভ ভিডিও ফের ক্রিকেট মহলে তোলপাড় তুলেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভাজ্জি। রোষের সুরে বলেছেন, ‘ভিডিও ফাঁস করার ধরনটাই ভুল। এর পিছনে হয়তো স্বার্থ লুকিয়ে আছে। আঠারো বছর আগে যা ঘটেছিল, মানুষ ভুলে গিয়েছে। এখন আবার মনে করানোটা ঠিক নয়!’
ললিত মোদী আজ নির্বাসিত। কিন্তু তাঁর বিতর্কিত স্বীকারোক্তিগুলো দেখাচ্ছে—আইপিএলের বীজ বোনা হয়েছিল ঝুঁকি আর বিদ্রোহের মিশেলে। হয়তো সেই কারণেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, ‘সবচেয়ে ঝলমলে ক্রিকেট শো’, আজও টিকে রয়েছে।