জয়ের ঘোর কাটেনি এখনও! ট্রফির পাশে ঘুম জেমাইমা-স্মৃতির, ক্যাপশনে লিখলেন “আমরা কি এখনও স্বপ্ন দেখছি?”

ট্রফির সঙ্গে জেমাইমারা
শেষ আপডেট: 3 November 2025 10:47
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মেয়েদের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর এখনও ঘোর কাটেনি দলের। ফাইনালের কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক ছবি, জেমাইমা এবং স্মৃতি মান্ধানা ঘুমোচ্ছেন, পাশে বিশ্বকাপ ট্রফি।
রবিবার মুম্বইয়ের ডঃ ডি.ওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতে হরমনপ্রীত কউরদের ভারত। ব্যাটে-বলে দাপট দেখান শেফালি বর্মা (৮৭ রান ও ২ উইকেট) এবং দীপ্তি শর্মা (অর্ধশতরান ও ৫ উইকেট)। ম্যাচের সেরা হন দীপ্তি।
ফাইনালের আগের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান জেমাইমা। ঐতিহাসিক জয়ের পর ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেন স্মৃতি মান্ধানার সঙ্গে ঘুমের ছবি। পাশে রাখা বিশ্বকাপ ট্রফি। ক্যাপশনে লেখেন, “গুড মর্নিং ওয়ার্ল্ড।”
ছবিটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেরই মনে পড়ে যায় রোহিত শর্মার সেই পুরনো ছবি, গত বছর টি২০ বিশ্বকাপ জয়ের পর তিনিও ট্রফির পাশে শুয়ে ঘুমিয়েছিলেন।
জেমাইমা আরও একটি ছবি শেয়ার করেন, যেখানে রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডির সঙ্গে তাঁকে দেখা যায়। ক্যাপশনে লেখেন, “আর উই স্টিল ড্রিমিং?”
এই জয় ভারতের মেয়েদের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল, তা বলার অপেক্ষা রাখে না। ২০২৫ বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবেই প্রথম ট্রফি জিতল ভারত। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হারলেও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দল। ফাইনালে শেফালি ও দীপ্তির পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেয় ভারত।
এদিকে দীপ্তি শর্মা প্রথম মহিলা ক্রিকেটার যিনি কোনও বিশ্বকাপের নকআউট ম্যাচে অর্ধশতরান ও পাঁচ উইকেট নিয়েছেন। পুরুষদের বিশ্বকাপে এর আগে এই কৃতিত্ব ছিল একমাত্র যুবরাজ সিংয়ের (২০১১, আয়ারল্যান্ডের বিরুদ্ধে)।
রবিবার শেষ বলটি ধরে হাঁটু গেড়ে বসেছিলেন হরমনপ্রীত। সেই মুহূর্তেই শেষ হয় দীর্ঘ প্রতীক্ষা। বিশ্বজয় করেন দেশের মেয়েরা।