দ্বিতীয় গেমে লি কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলেন। দীর্ঘ র্যালি, নেটে পাল্টাপাল্টি লড়াইও দেখা যায়। তবু গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক পয়েন্ট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন লক্ষ্য।

লক্ষ্য সেন
শেষ আপডেট: 7 March 2026 14:27
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (All England Open Badminton Championships) সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন চিনের লি শিফেং-কে (Li Shifeng)। ইউটিলিটা অ্যারেনায় (Utilita Arena) হওয়া ম্যাচে ১২ নম্বর বাছাই লক্ষ্য ৪৫ মিনিটে জেতেন ২১–১৩, ২১–১৬ স্কোরলাইনে। প্রতিপক্ষ লি বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন ভারতীয় শাটলার। দ্রুত কোর্ট কভারেজ ও আক্রমণাত্মক স্ম্যাশে প্রথম গেমে এগিয়ে যান ৯–৪। এরপর লি-কে আর ছন্দে ফিরতে দেননি। ধারাবাহিক আক্রমণ ও নিখুঁত প্লেসমেন্টে প্রথম গেম জিতে নেন ২১–১৩।
দ্বিতীয় গেমে লি কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলেন। দীর্ঘ র্যালি, নেটে পাল্টাপাল্টি লড়াইও দেখা যায়। তবু গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক পয়েন্ট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন লক্ষ্য। শেষ পর্যন্ত ২১–১৬ ফলে গেম জিতে শেষ চারে জায়গা নিশ্চিত করেন লক্ষ্য। সেমিফাইনালে সামনে কানাডার ভিক্টর লাই (Victor Lai) বনাম জাপানের কোকি ওয়াতানাবে (Koki Watanabe) ম্যাচের বিজয়ী।
এই নিয়ে অল ইংল্যান্ডে তিন নম্বর বার সেমিফাইনালে জায়গা পাকা করলেন লক্ষ্য। ২০২২ সালে ফাইনালে উঠে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের (Viktor Axelsen) কাছে হেরেছিলেন। ২০২৪-এ সেমিফাইনালে পরাজিত হন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির (Jonatan Christie) হাতে। চলতি টুর্নামেন্টে অবশ্য আগের চেয়েও জোরালো আশা জাগাচ্ছেন। একাধিক কঠিন রেকর্ড ভেঙেছেন লক্ষ্য। অন্তিম জয়ের সুবাদে লি শিফেংয়ের বিরুদ্ধে টানা তিনবার হারের ফাঁড়া কাটালেন। এর আগে হংকংয়ের এনজি কা লং অ্যাঙ্গাসের (Ng Ka Long Angus) বিরুদ্ধে তিন ম্যাচের পরাজয়ের ধাক্কা রুখেছিলেন। একই সঙ্গে চিনের শি ইউচির (Shi Yuqi) বিরুদ্ধে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে (BWF World Tour) টানা চারবার হারের যন্ত্রণাও মুছে ফেলেন।