ICC T20 World Cup-এ টানা তিন ম্যাচে রান করতে ব্যর্থ অভিষেক শর্মা। সুপার এইটের আগে তাঁর ফর্ম নিয়ে চিন্তায় কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

অভিষেক শর্মা
শেষ আপডেট: 18 February 2026 21:18
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া, সেই অভিষেক শর্মা (Abhishek Sharma) এখন উল্টো কারণে শিরোনামে। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে উঠে আসা এই বাঁহাতি ওপেনার বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন, বিশেষ করে নিউ জিল্যান্ড-এর বিরুদ্ধে সিরিজে তাঁর ব্যাট কথা বলেছিল জোরে। কিন্তু ICC T20 World Cup শুরু হতেই যেন ছন্দ হারিয়ে ফেলেছেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে USA-র বিরুদ্ধে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই আলি খান-এর বলে আউট হয়ে যান অভিষেক। প্রথম বলেই সাজঘরে ফেরায় হতাশা নেমে আসে ভারতীয় শিবিরে। এরপর অসুস্থতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি তিনি, এমনকি হাসপাতালে ভর্তি থাকতেও হয়েছিল।
সুস্থ হয়ে দলে ফিরলেও পরিস্থিতির বদল হয়নি। পাকিস্তান-এর বিরুদ্ধে ম্যাচে ফের ব্যর্থ হন তিনি। প্রথম ওভারেই শাহিন আফ্রিদি-র বলে আউট হয়ে চার বল খেলে শূন্য রানেই ফিরে যান ড্রেসিংরুমে।
এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডস-এর বিরুদ্ধে তাঁর দিকে বিশেষ নজর ছিল। কিন্তু সেখানেও হতাশ করেন ২৫ বছরের এই ব্যাটার। ওপেন করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আরিয়ান দত্ত-র বলে বোল্ড হয়ে ফের শূন্য হাতে ফেরেন।
ফলে চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি অভিষেক শর্মা। সুপার এইটের আগে তাঁর এই টানা ব্যর্থতা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের। বিশেষ করে কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব-দের কাছে তাঁর ফর্ম এখন বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।