কলকাতায় লিওনেল মেসির আগমন ঘিরে উন্মাদনার মাঝেই টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে বিতর্ক।

লিওনেল মেসি ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস
শেষ আপডেট: 13 December 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোরে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনদিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) শুরুতেই কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছে যান আর্জেন্তিনীয় মহাতারকা (Lionel Messi GOAT Tour)। তাঁর কলকাতায় পৌঁছানোর খবর শহরজুড়ে উন্মাদনা সৃষ্টি করে। হাজার হাজার অনুরাগী ডিসেম্বরের ঠান্ডা উপেক্ষা করে মাঝরাতের পরেও বিমানবন্দরে ভিড় করেন প্রিয় তারকাকে অভ্যর্থনা জানাতে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আর্জেন্তিনীয় মহাতারকা সরাসরি হোটেলে পৌঁছান।
মেসির সঙ্গে এসেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্তিনা দলের রদ্রিগো ডি পল। তবে মেসিকে নিয়ে উৎসবের আবহেই টিকিটের বিপুল দাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্য সরকারের কাছে একটি বিশদ রিপোর্ট চেয়ে চিঠি দিয়েছেন।
লোকাল ভবন (Lok Bhavan) এর এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বহু ফুটবলপ্রেমী রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন যে টিকিটের দাম 'অনেক বেশি' হওয়ায় তাঁরা তাঁদের প্রিয় খেলোয়াড়কে একবার দেখার সুযোগ পাচ্ছেন না।
রাজ্যপাল এই সফরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, সাধারণ মানুষের আবেগের সুযোগ নিয়ে কেন একজন বেসরকারি ব্যক্তিকে অর্থ উপার্জনের অনুমতি দেওয়া হল। লোক ভবন আধিকারিক আরও জানান, ফুটবল ভক্তদের কাছ থেকে ফোন এবং মেইল আসছে, যেখানে তাঁরা অভিযোগ করছেন যে টিকিটের দাম তাঁদের নাগালের বাইরে। রাজ্যপাল জানতে চান, এমনটা কেন হচ্ছে এবং প্রিয় তারকা শহরে থাকা সত্ত্বেও সাধারণ মানুষ কেন তাঁকে দেখতে পারছেন না।
রাজ্যপাল খুবই আশ্চর্য হয়েছেন। কারণ, তিনি জেনেছেন যে শুধু যারা অনেক দাম দিয়ে টিকিট কিনেছেন, সেই খুব কম সংখ্যক মানুষই তারকা ফুটবলার মেসিকে দেখতে পাবেন। একই সঙ্গে, আধিকারিক জানিয়েছেন যে রাজ্যপাল সরকারকে চিঠি লিখে জানতে চেয়েছেন, মেসির এই সফরের মাধ্যমে যে বেসরকারি ব্যক্তি টাকা রোজগার করছেন, তাঁর বিষয়ে পুরো রিপোর্ট দেওয়া হোক। রাজ্যপাল আরও জানতে চেয়েছেন, সাধারণ মানুষ কেন মেসিকে দেখতে পারছেন না?
এদিকে আবার, যুবভারতীতে মেসি বেরিয়ে যাওয়ার পর মহা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে (Leonel Messi) একটিবারের জন্যও দেখতে না পেয়ে বোতল ছুড়লেন দর্শকরা (Messi Kolkata)। এদিন মাত্র ২৩ মিনিট মেসি মাঠে থাকেন। তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। যতটুকু সময় মেসি যুবভারতীতে ছিলেন, তখন তাঁকে নিরাপত্তারক্ষীরা এমন ভাবে ঘিরে রেখেছিলেন যে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্যেও তাঁদের রাজপুত্রকে দেখার সুযোগ পাননি।
এদিকে নিরাপত্তারক্ষীদেরও মেসিকে নিয়ে সেলফি তোলার হিড়িক ছিল। এরপরই মাঠে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। গ্যালারি থেকে বোতল ছোড়া থেকে হোর্ডিং, সব ছিঁড়ে দেন মেসি ভক্তরা। মন্ত্রী অরূপ বিশ্বাসকে লক্ষ্য করেও বোতল ছোড়া হয়।