এপার বাংলার থেকেও ওপার বাংলায় মনসা পুজোর চল বেশি। আসলে মনসা তো সর্পদেবী। তাই নদী ও বনজঙ্গল যেখানে বেশি সেখানে সাপের উপদ্রবও বেশি।

দুধ, কলা আর সাবুতেই সন্তুষ্ট মা মনসা।
শেষ আপডেট: 5 June 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর জ্যৈষ্ঠমাসের শুক্লাদশমীতে আসে দশহরার পুণ্যতিথি। এই দিন একদিকে যেমন দেবী গঙ্গার পুজোর দিন, অন্যদিকে মা মনসার পুজোর সূচনা এই দিনটিতে। সূচনা কারণ দশহরা থেকে টানা এক মাস মা মনসার পুজো করেন অনেকে।
তবে এপার বাংলার থেকেও ওপার বাংলায় মনসা পুজোর চল বেশি। আসলে মনসা তো সর্পদেবী। তাই নদী ও বনজঙ্গল যেখানে বেশি সেখানে সাপের উপদ্রবও বেশি। তাই সাপের ভয়ে ভীত মানুষজন মা মনসার পুজো করে ভক্তি ভরে। মা মনসার কাছে প্রার্থনা করে যাতে পরিবারের কারও সর্পদংশনে মৃত্যু না হয়।
দেবী মনসার পুজো প্রসঙ্গে বিশিষ্ট জ্যোতিষী শ্রীলাল বললেন, একথা ঠিকই যে প্রত্যন্ত গ্রামে সাপের ভয়ে ভীত মানুষ মনসা দেবীর পুজো করেন, কিন্তু শুধু গ্রামের লোকজন নয় শহুরে মানুষও মনসা দেবীর আরাধনা করেন। কারণ মনসা দেবী বিঘ্ননাশ করেন, সব জটিলতা বাধাবিপত্তি কাটিয়ে দেন, সংসারে শান্তি আনেন। শুধু তাইই নয় মা মনসার পুজো করলে সন্তানহীনার কোলে সন্তান আসে, ধনহীনের ধনলাভ হয়, বাস্তুদোষ থাকলে তাও কাটিয়ে দেন মা। এককথায় সংসার সুখের হয় মা মনসার কৃপায়।
কীভাবে পুজো করলে মনসাদেবী সন্তুষ্ট হন?
যেহেতু মনসা দেবী গগ্রামাঞ্চলের মানুষের পুজো পান বেশি তাই তাঁর পুজোয় তেমন জাঁকজমক আড়ম্বরের প্রয়োজন নেই। মনসার সরা কিনে তাঁকে জলচৌকিতে লাল কাপড় পেতে বসাতে হবে।আবার অনেকে শুধু মনসার ঘট পেতেও পুজো করেন। নৈবেদ্যতে দিতেই হবে দুধ কলা আর সাবু। এছাড়া ফলমূল মিষ্টি যেমন খুশি দেওয়া য়ায়। মনসা দেবী মাটির মানুষদের কাছের দেবী তাই ভোগ নৈবেদ্য মাটির সরায় নিবেদন করলে মা খুশি হন।আর যে কোনও লাল ফুলে মা সন্তুষ্ট হন।
আজ দশহরা থেকে নাগপঞ্চমী পর্যন্ত এক মাস মা মনসার পুজো করলে জীবনের সব বাধাবিঘ্ন নাশ হবে। শুধু সাপের ছোবল নয় মা মনসা তাঁর ভক্তদের রক্ষা করবেন সব বিপদ থেকে।