জেসমিনের পাশাপাশি ফাইনালে উঠেছেন কিংবদন্তি বক্সার হাওয়া সিংয়ের নাতনি নূপুরও।

জেসমিন ও নূপুর
শেষ আপডেট: 13 September 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: দাপট বজায় রেখেই জেসমিন ল্যাম্বোরিয়া (৫৭ কেজি) এবং নূপুর শিওরান (৮০+ কেজি) বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন (World Boxing Championship, Nupur and Jaismine Enter Final)। সেমিফাইনালে জেসমিন ভেনেজুয়েলার ক্যারোলিনা আলকালাকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন। ফাইনালে তাঁর প্রতিপক্ষ পোল্যান্ডের জুলিয়া।
জেসমিনের পাশাপাশি ফাইনালে উঠেছেন কিংবদন্তি বক্সার হাওয়া সিংয়ের নাতনি নূপুরও। তিনি তুরস্কের সেইমাকে ৫-০ ব্যবধানে পরাজিত করেছেন। এর আগে সেমিফাইনালে উঠে মীনাক্ষী হুডা ভারতের চতুর্থ পদক নিশ্চিত করেছেন। তিনি মহিলাদের ৪৮ কেজি ওজন বিভাগের শেষ চারে পা রেখেছেন। কোয়ার্টার ফাইনালে মীনাক্ষী ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন এলিস পমফ্রেকে পরাজিত করেন।
হরিয়ানার রোহতক জেলার রুরকি গ্রামের ২৪ বছর বয়সি মীনাক্ষী চার ভাইবোনের মধ্যে সবার ছোট। তাঁর বাবা অটোরিকশা চালান এবং মা গৃহিণী। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে প্রস্তুত করেছেন মীনাক্ষী। ব্যক্তিগত কোচ বিজয় হুডা তাঁর কেরিয়ারের শুরুতে ডায়েট, কিট এবং ভ্রমণ খরচ বহন করতে সাহায্য করেছিলেন। সেই সঙ্গে তিনি তাঁর অ্যাকাডেমিতে বিনামূল্যে প্রশিক্ষণও দেন। ২০২২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী মীনাক্ষীর এটি প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
মহিলাদের পারফরম্যান্স গর্বিত করলেও ভারতীয় বক্সারদের পুরুষ বিভাগে খালি হাতে ফিরতে হবে। যদুমণি সিং কাজাখস্তানের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সানজের তাশকেনবেয়ের বিপক্ষে লড়াই করেও হেরে যান ০-৪ ব্যবধানে। ভারতের ১০ সদস্যের পুরুষ দল এবার কোনও পদক পাবে না তা নিশ্চিত হয়ে গিয়েছে। ২০১৩ সালের পর এটি প্রথমবারের মতো ঘটবে। ২০২৩ সালের তাশখন্দে, ভারত তিনটি ব্রোঞ্জ পদক জিতেছিল।