সেমিফাইনালে ওঠার পথে লক্ষ্য হারিয়েছেন ভারতেরই আয়ূষ শেঠিকে। বিশ্বের সাত নম্বর জাপানের কোদাই নারাওকা-সহ একের পর এক বিশ্বের সেরা খেলোয়াড়দের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ২০ বছরের আয়ূষ।

লক্ষ্য সেন
শেষ আপডেট: 13 September 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: হারানো ফর্ম হংকংয়ে এসে অবশেষে খুঁজে পেয়েছেন আলমোড়ার প্রবাসী বাঙালি। প্যারিস অলিম্পিক্সে পদকের দোরগোড়া থেকে ফিরতে হয়েছিল। তারপর থেকেই ফর্ম হাতারানো শুরু। অবশ্য চোটও ভুগিয়েছে এই ভারতীয় শাটলারকে। এবার হংকং ওপেনে (Hong Kong Open) ছন্দ ফিরে পেয়ে শেষ চারে পা রাখলেন লক্ষ্য সেন (Lakshya Sen in Semifinal)।
সেমিফাইনালে ওঠার পথে লক্ষ্য হারিয়েছেন ভারতেরই আয়ূষ শেঠিকে। বিশ্বের সাত নম্বর জাপানের কোদাই নারাওকা-সহ একের পর এক বিশ্বের সেরা খেলোয়াড়দের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ২০ বছরের আয়ূষ। কিন্তু লক্ষ্যর হাতে তাঁর স্বপ্নের দৌড় থেমে গেল। এক ঘণ্টা ছয় মিনিট ধরে লড়াই করার পর তিনি হেরে গিয়েছেন ২১-১৬, ১৭-২১, ২১-১৩ ব্যবধানে।
লক্ষ্য সেন এবার সেমিফাইনালে তৃতীয় বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেন এবং ইন্দোনেশিয়ার আলভি ফারহানের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ীর মুখোমুখি হবেন।
লক্ষ্যর আগেই পুরুষ ডাবলসের সেমিফাইনালে উঠে পড়েছে সাত্ত্বিক-চিরাগ জুটি। কোয়ার্টার ফাইনালে এই ভারতীয় জুটি ৬৪ মিনিটের ম্যাচে মালয়েশিয়ার আরিফ জুনাইদি এবং রয় কিং ইয়াপকে ২১-১৪, ২০-২২, ২১-১৬ গেমে পরাজিত করেন। বৃহস্পতিবার থাইল্যান্ডের পিরাচাই সুকফুন এবং পাক্কাপন তিরাতসাকুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছিলেন সাত্ত্বিক এবং চিরাগ। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল এই ভারতীয় জুটি।