পিঠের চোট নিয়ে এবার ইউএস ওপেনে নেমেছেন জোকার। আর সেই নিয়ে উঠে পড়লেন চতুর্থ রাউন্ডে।

নোভাক জকোভিচ
শেষ আপডেট: 30 August 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: কোর্টে তাঁর ক্ষিপ্রতা দেখলে কে বলবে বয়স ৩৮ পার করেছে। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিততে তিনি যে কতটা মরিয়া, প্রতিনিয়ত প্রমাণ দিয়ে চলেছেন। হাঁটুর বয়সি প্রতিপক্ষদেরও হেলায় উড়িয়ে দিচ্ছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সার্বিয়ার নোভাক জকোভিচ (Novak Djokovic)।
পিঠের চোট নিয়ে এবার ইউএস ওপেনে (US Open) নেমেছেন জোকার। আর সেই নিয়ে উঠে পড়লেন চতুর্থ রাউন্ডে। তৃতীয় রাউন্ডে ব্রিটেনের ক্যামেরন নৌরিকে ৬-৪, ৬-৭(৪), ৬-২, ৬-৩ গেমে হারিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নিজের স্থান নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা।
বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছনো সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখন জোকোভিচ। ১৯৯১ সালে জিমি কোনর্সের পর ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছনো সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ও জকোভিচ। ১৯৯১ সালে এই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে পৌঁছনোর সময় কোনর্সের বয়সও ৩৮ বছর ছিল জকোভিচের মতো।
তৃতীয় রাউন্ডে ব্রিটিশ প্রতিপক্ষকে হারানোর পথে জকোভিচ ১৮টি এস মারেন, যা তাঁর মতে টুর্নামেন্টে নিজের সেরা পারফরম্যান্স। রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে ফ্লাশিং মিডোসে খেলার শুরুতেই চিকিৎসার সাহায্য নিতে হয়েছিল। কিন্তু চোটকে হেলায় উড়িয়ে ৬৯তম বারের মতো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের শেষ ১৬-তে স্থান করে নিয়েছেন এই সার্বিয়ান তারকা। এক্ষেত্রে তিনি ছুঁয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেডেরারকে। চতুর্থ রাউন্ডে জোকারের প্রতিপক্ষ জার্মান কোয়ালিফায়ার জান-লেনার্ড স্ট্রফ।
রাদুকানুর যাত্রা থামালেন রাইবাকিনা
এদিকে মহিলা সিঙ্গলস থেকে বিদায় নিয়েছেন ২০২১ সালের চ্যাম্পিয়ন এমা রাদুকানু। তাঁকে হারিয়েছেন কাজাখস্তানের এলিনা রাইবাকিনা। ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রাইবাকিনা ৬২ মিনিটের ম্যাচে ব্রিটিশ খেলোয়াড়কে ৬-১, ৬-২ গেমে পরাজিত করেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা রাইবাকিনাও প্রথমবারের মতো ইউএস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হলেন।
দ্বিতীয় রাউন্ডে চন্দ্রশেখর ও প্রশান্ত জুটি
ভারতীয় পুরুষদের ডাবলস জুটি অনিরুদ্ধ চন্দ্রশেখর ও বিজয় প্রশান্ত অষ্টম বাছাই ক্রিশ্চিয়ান হ্যারিসন ও ইভান কিং জুটিকে তিন সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন। চন্দ্রশেখর ও প্রশান্ত তাঁদের দুর্দান্ত সার্ভিসের জোরে এক ঘণ্টা ৪২ মিনিটে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে জয়লাভ করেন। দ্বিতীয় রাউন্ডে চন্দ্রশেখর ও প্রশান্ত অস্ট্রেলিয়ার জন-প্যাট্রিক স্মিথ এবং ব্রাজিলের ফার্নান্ডো রোম্বোলির মুখোমুখি হবেন।